মামলা-পরোয়ানা সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা ও তাঁর বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করে বিএনপি। গতকাল সোমবার বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতা আড়াল এবং জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার নীলনকশার অংশ হিসেবে সরকার এই মামলা করিয়েছে। বিএনপি এর নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে মির্জা ফখরুল দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আপিল বিভাগে এই মামলার পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি হওয়ার আগেই সরকার ষড়যন্ত্রমূলকভাবে নিম্ন আদালতের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে গতকাল অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মওদুদ আহমদ ও এম কে আনোয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রথম আলোকে বলেছেন, সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তাঁদের মতে, সরকার প্রতিহিংসার রাজনীতি বেছে নিয়েছে। এর পরিণাম ভালো হবে না।মওদুদ আহমদ বলেন, পারিবারিক একটি প্রতিষ্ঠান নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক। পারিবারিক প্রতিষ্ঠান নিয়ে এ ধরনের মামলা হতে পারে না। তাঁর অভিযোগ, দুদক মামলা করলেও এর পেছনে সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট নিয়ে মামলার চক্রান্ত শুরু হয়েছিল। এই সরকার বিগত সরকারেরই এজেন্ডা বাস্তবায়ন করছে।এম কে আনোয়ার বলেন, সরকার হয়তো ক্যাঙারু কোর্টের মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানকে শাস্তি দেবে। কিন্তু জনগণ এটা মেনে নেবে না। এভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির জন্য সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।