মামলা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলার নথি দেখে পর্যবেক্ষক প্যানেল যে প্রতিবেদন দেবে, তার ভিত্তিতেই প্রকল্পে অর্থায়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিশ্বব্যাংক। আজ মঙ্গলবার বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন এক বিবৃতিতে এ তথ্য জানান।বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাংকের পর্যবেক্ষক প্যানেল দুর্নীতি দমন কমিশনের করা মামলার এজাহার পর্যালোচনার পর একটি প্রতিবেদন দেবে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়টি প্যানেলের ওই প্রতিবেদনের ওপরই নির্ভর করবে।’এদিকে দুদক চেয়ারম্যান গোলাম রহমান পদ্মা সেতু নিয়ে করা তদন্ত ও অনুসন্ধান সম্পর্কে আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, ‘অনুসন্ধান স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে।’ এর আগে সকালে দুদক কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে যখন “ঘুষ লেনদেনের ষড়যন্ত্র” হচ্ছিল, সে সময় সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন যথেষ্ট মনোযোগী ছিলেন না।’ সাবেক মন্ত্রীর সেই ভূমিকা ‘স্বাভাবিক’ না হলেও ‘অবৈধ’ কিছু করার তথ্যপ্রমাণ না পাওয়ায় সাবেক ওই মন্ত্রীকে মামলায় আসামি করা হয়নি বলে জানান দুদকের সচিব।গতকাল সোমবার বনানী থানায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে বাদ দিয়েই পদ্মা সেতুর দুর্নীতি ষড়যন্ত্রের মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুপুরে বাদী হয়ে মামলাটি করেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান আবদুল্লাহ আল জাহিদ। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে ১০ জনের নাম থাকলেও মামলা করা হয়েছে সাতজনের বিরুদ্ধে। দুদকের মামলায় এখন আসামি হচ্ছেন সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সেতুর নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস, সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা।