মামলা পুনর্বিচারের আবেদনের শুনানি কাল
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদনের বিষয়ে আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (একজন অনুপস্থিত) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।আজ পুনর্বিচারের আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের জ্যেষ্ঠ কোনো আইনজীবী উপস্থিত না থাকায় কাদের মোল্লার আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল কাল শুনানির দিন ধার্য করেন। কাল এ মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিনও ধার্য রয়েছে।ইতিমধ্যে এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। গত বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনাল-২-এ ওই আবেদন করেন। ওই দিন একই ট্রাইব্যুনাল আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মামলা পুনর্বিচারের আবেদন খারিজ করে দেন।