আড়িয়ল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরকার সরে গেলেও মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছে আড়িয়ল বিলবাসী।আজ শুক্রবার বিকেল চারটায় মদনখালী মুনক্লাব মাঠে স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন মাঝির সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ ছাড়া, শ্রীনগরে সহিংসতার ঘটনায় পুলিশের খোয়া যাওয়া গ্যাস গানটি আজ দুপুরে শেখরনগর থেকে উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ। খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে এ পর্যন্ত দুটি শর্টগান ও একটি গ্যাস গান উদ্ধার করা হয়েছে। বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন বলেন, সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে গেলেও পুলিশের হয়রানি বন্ধ না করায় এলাকাবাসী এখনো আতঙ্কিত। এ সময় সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দায়ের করা মামলা প্রত্যাহার করার ঘোষণা দেন তিনি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।অন্যদিকে, মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে মুসলেমহাটি থেকে আবু সাইদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চুড়াইন বাজারে গিয়ে একাত্মতা ঘোষণা করে।