মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেবে বিএনপি
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। তিনি এ সময় বলেন, আজকের হরতালে সারা দেশে তাঁদের তিন শতাধিক নেতা-কর্মী আহত, দুই শতাধিক গ্রেপ্তার এবং আট শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘সরকার যে ভাষায় কথা বলছে এবং যে ভঙ্গিতে কাজ করছে, তা পরিবর্তন করলে ভালো হয়।’ এ সময় তিনি বলেন, ‘বিরোধী দল জরুরি অবস্থা জারি করে না, করে সরকারি দল।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক মাসের মধ্যে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে যে আশাবাদ ব্যক্ত করেছেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় শামসুজ্জামানের। জবাবে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী যদি বিরোধী দলের দাবি, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের বিষয়গুলো মাথায় রেখে তাঁর নেত্রীর সঙ্গে কথা বলে এই উক্তি করেন এবং অন্তর্বর্তী সরকারের দাবি যদি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হয়, তাহলে আমরা বিষয়টিকে স্বাগত জানাই।’