মামলা প্রত্যাহারের জন্য চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুসূদনের আত্মহত্যার প্ররোচনার দায়ে করা মামলাটি প্রত্যাহার এবং মীমাংসার জন্য মধুসূদনের বাবা শংকর চক্রবর্তীকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষকদের একটি দল এবং মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা শংকর চক্রবর্তীকে মামলাটি প্রত্যাহারের জন্য বারবার বিভিন্ন সূত্রের মাধ্যমে চাপ দিচ্ছেন। এ ব্যাপারে শংকর চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে এর সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, কোনো মূল্যেই তিনি আপসে যাবেন না। আদালতে মামলা হয়েছে, আদালতেই এর সুরাহা হবে। তিনি বলেন, ‘আমার ছেলেকে যারা আত্মহত্যার জন্য প্ররোচনা দিয়েছে তাদের শাস্তি আমি চাই।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে বগুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম জানান, মামলা প্রত্যাহার বা আপসের বিষয়ে কোনো কথা হচ্ছে কি না তাঁর জানা নেই। মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুজতবা আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলাটি প্রত্যাহার বা আপসের জন্য চাপ দেওয়া হচ্ছে এ অভিযোগ সত্য নয়। তিনি বলেন, মামলাটির প্রকৃত ঘটনা যেন বের হয়ে আসে এ জন্য সংগঠনের পক্ষ থেকে কিছু বিষয় উস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। বাদীপক্ষের আইনজীবীদের সঙ্গেও তাঁরা যোগাযোগ করছেন বলে জানা যায়। এদিকে ১২ মে দায়ের করা মামলাটি সাত দিন পর ১৯ মে থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে বলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান নিশ্চিত করেছেন।