মামলা প্রত্যাহারের দাবিতে পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ
কিশোরগঞ্জে তিনজন ছাত্রের নামে দায়েরকৃত এক মামলা প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-কাপাশিয়া-ঢাকা সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্ররা। ফলে পাকুন্দিয়া থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারছে না। যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। জেলা পরিবহন মালিক সমিতি সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি ভাড়া নিয়ে এক বাসচালক ও কিছু ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত কিছু ছাত্র অন্য এক পরিবহনের একটি বাস ভাঙচুর করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক রুবেল রাসেল, জাহাঙ্গীর ও রানা নামের তিন ছাত্রের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তাঁদের মধ্যে জাহাঙ্গীর উত্তরা ইউনিভার্সিটির এবং বাকি দুইজন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র।ওই মামলা প্রত্যাহার করার দাবিতে আজ সকাল থেকে পাকুন্দিয়া অনার্স-মাস্টার্স সুডেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্ররা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাঁরা সেখানে বিক্ষোভ সমাবেশও করেন।