মামলা বাতিলের জন্য শেখ হাসিনার আবেদনের ওপর রায় ১৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাসমান বিদ্যুকেন্দ্র স্থাপনসংক্রান্ত দুর্নীতি মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর ১৩ এপ্রিল রায় ঘোষণা করবেন হাইকোর্ট। আজ বুধবার দুপুরে দুই দিনের শুনানি শেষে বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এ তারিখ ঘোষণা করেন। শেখ হাসিনার পক্ষে আইনজীবী ছিলেন শেখ ফজলে নূর তাপস ও মুহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। ভাসমান বিদ্যুকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগ এনে শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক সাব্বির। মামলাটি থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য ২০০৮ সালে শেখ হাসিনা হাইকোর্টের কাছে আবেদন করেন। আবেদনটির ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে আদালত মামলাটি কেন বাতিল ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকার ও দুদকের প্রতি রুল জারি করেন। রুলের শুনানি শেষে আদালত আজ বুধবার রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন।