বাংলাদেশ সুপ্রিম কোর্টে মামলার পাহাড় জমে আছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য মামলা ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। কীভাবে অধিক পরিমাণ মামলা নিষ্পত্তি করা যাবে, এর জন্য রীতিমতো একটি গবেষণা সেল গঠন করা প্রয়োজন। গবেষণা সেল প্রতিদিন নতুন নতুন ফর্মুলা বের করে বাস্তবে পরীক্ষা করে দেখবে, সুফল আসে কি না। একদিনে কোনো সমাধান বের করা যাবে না। ক্রমাগত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কাজটি বলা যেমন সহজ, করা কিন্তু তেমন কঠিন। ব্রিটিশের ধাঁচে তৈরি বিচারব্যবস্থার পরিবর্তন আনতে হলে শক্ত হাতে ধরতে হবে। সমস্যায় জর্জরিত আমাদের বিচারব্যবস্থা। কত যে সমস্যা, তার ফিরিস্তি অনেক লম্বা। যেমন—একটি বেঞ্চে লম্বা লাইন ধরে জামিনের সময় বাড়ানোর জন্য মেনশন স্লিপ নিয়ে কোর্টের বারান্দা থেকে ঘর্মাক্ত হয়ে বেঞ্চের সামনে গিয়ে পেশ করা মাত্রই বেঞ্চ বললেন, আজ জামিনের সময় বাড়ানোর স্লিপ নেওয়া হবে না। কেন নেবেন না, সে প্রশ্ন করা যায় না। আইনজীবী বিফল মনোরথে ফিরে এসে ভাবছেন। এমন কতগুলো পদ্ধতি রয়েছে, যেগুলো অযথা কোর্টের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। যেমন—মাঝেমধ্যে হলফনামার জন্য বেঞ্চের অনুমতি নিতে হয়। তাও শুধু সকালবেলায় মেনশনের সময় নিতে হবে। আর সকালবেলায় অনুমতি নিতে ব্যর্থ হলে আরেক দিনের জন্য অপেক্ষা করতে হবে। হলফনামাকারীকে তার অফিসের কাজ-কর্ম বাদ দিয়ে আবার আসতে হবে সুপ্রিম কোর্টে।বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ইংরেজি ১৩.০৫.২০১০ তারিখের দৈনিক কার্যতালিকায় বর্ধিত ভবনের ৩৪ নম্বর আদালতে পেপার বুক প্রস্তুতের কয়েকটা আবেদনপত্র শুনানির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ২০০৩ সালের দুটি ফৌজদারি আপিল। কবে যে শুনানি হবে, বলা যায় না। আদালত পেপার বুক তৈরির অনুমতি দিলে পেপার বুক তৈরি করা হবে। তারপর মূল আপিল শুনানি। প্রতিদিনের কার্যতালিকা খুঁজলে দেখা যাবে, আরও অনেক পুরাতন মামলা পেপার বুক তৈরির অপেক্ষায় রয়েছে। আবার কার্যতালিকার বাইরেও অনেক মামলা পেপার বুক তৈরির জন্য পড়ে আছে। সেগুলোর খবর কেউ রাখে না। পেপার বুক তৈরি থাকলে মামলা তাড়াতাড়ি শুনানির তালিকায় আনা যায়। যার জন্য পেপার বুক তৈরির অনুমতি যত সকালে নেওয়া যায়, তত ভালো। পেপার বুক তৈরিতে হাইকোর্ট বিভাগের রুলসের সংশোধন প্রয়োজন। রুলস অনুসরণ করে আপিলকারীকে নিম্ন আদালতের নথি আসার সংবাদ জানানো হয় না। প্রার্থীকেই সংবাদ নিতে হয়। আদালতের মাধ্যমে পেপার বুক তৈরিতে অনেক সময়ের প্রয়োজন, বিধায় বিচারপ্রার্থীরা আদালতের বাইরে অনুমতি নিয়ে নিজ খরচে পেপার বুক তৈরি করে দ্রুত মামলার শুনানির জন্য, যার জন্য আদালতের বাইরে পেপার বুক তৈরিকে কেন্দ্র করে কিছু লোক পেপার বুক তৈরিকে পেশা হিসেবে গ্রহণ করেছে। কাজ সংক্ষেপ এবং সময় বাঁচানোর জন্য আপিল গ্রহণের সময় আপিলকারীর প্রার্থনায় পেপার বুক প্রস্তুতের আদেশ দেওয়া যেতে পারে। এর পর নিম্ন আদালতের রেকর্ড আসা মাত্রই পেপার বুক তৈরির কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। মানুষকে অযথা হয়রানি থেকে বাঁচানোর জন্য চারদিক থেকে চেষ্টা করতে হবে।সময় বাঁচাতে মামলা ভেদে অতি দ্রুত বিচারপ্রার্থীদের প্রতিকার দেওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে মামলার শুনানি করা যেতে পারলে সময় বেঁচে যেত। রচনামূলক রায় লেখা পরিহার করে সংক্ষেপে রায় লেখা যায় কি না, ভেবে দেখার সময় এসেছে। আমি হাইকোর্ট বিভাগে দেখেছি, লম্বা শুনানি করার পর বেঞ্চ বলছেন, আপনাকে কোনো প্রতিকার দেওয়া যাচ্ছে না। আপনি কি আদালত থেকে খারিজের আদেশ নেবেন, নাকি শুনানি প্রত্যাহার করবেন? আইনজীবী সাহেব শুনানি না করে আবেদন প্রত্যাহারের প্রার্থনা করেন। এতে সুবিধা হলো, খারিজের আদেশটি নিম্ন আদালতে পাঠানো হয় না। আমি অনেক বেঞ্চকে দেখেছি, দ্রুত শুনানি করে অল্প সময়ে অনেক মামলা নিষ্পত্তি করতে। এটা হলো যুগের চাহিদা। মামলার নথির চেহারা একটু দেখলেই বিচারক ও বিচারপতিরা বুঝতে পারেন; নথিতে কী আদেশ দিতে হবে। এটা হলো দীর্ঘ অভিজ্ঞতার ফসল। যার জন্য লম্বা শুনানির প্রয়োজন হয় না।আপনি যদি কোনোভাবে কোনো বেঞ্চে জামিনের অথবা স্থগিতাদেশের সময় বাড়ানোর মেনশন স্লিপ জমা দিতে পারলেন; তখন আরেকটি চিন্তা আপনাকে পেয়ে বসবে। তা হলো, শুনানির তারিখে কোর্টে রেকর্ড আসবে কি না। বেঞ্চে রেকর্ড না আসার রীতি সুপ্রিম কোর্টে অতি পুরাতন রেওয়াজ, তবে রেকর্ড আসাটি ভাগ্যবানদের লক্ষণ। এখানে বলা যায়, মামলার জট কমানোর জন্য কমন আদেশ দিয়ে দেখা যেতে পারে সুফল পাওয়া যায় কি না। কমন আদেশের সবচেয়ে সুবিধার দিক হলো, অল্প সময়ে বেশিসংখ্যক মামলা নিষ্পত্তি করা যায়। আবার মামলার জট কমাতে হলে জামিন দেওয়ার সময় রুল শুনানি অথবা ফৌজদারি আপিল শুনানি পর্যন্ত জামিন দেওয়া যেতে পারে। রিট, দেওয়ানি রিভিশন ও আপিলে রুল নিষ্পত্তি পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া যেতে পারে। এতে দেখা যাবে, মামলার জট অনেকটা কমে গেছে এবং বিচারপতিরা মূল্যবান কাজে মন দিতে পারবেন। আমার বড় বেশি কষ্ট লাগে, যখন দেখি অভিজ্ঞ ও সিনিয়র বেঞ্চগুলো জামিনের সময় বাড়ানোর আদেশ নিয়ে দিনের অধিকাংশ সময় পার করে দিতে বাধ্য হন। এগুলো কোনো গুরুত্বপূর্ণ কাজের আওতায় পড়ে না।বর্তমানে হাইকোর্ট বিভাগের বেঞ্চে সরাসরি মামলা ও আবেদনপত্র দাখিল করতে হয়। মামলা ও আবেদনপত্রগুলো একটি নির্দিষ্ট জায়গায় দাখিল করার ব্যবস্থা করা যেতে পারে, যাকে সেন্ট্রাল ফাইলিং বলা হয়। মামলা ও আবেদনপত্রগুলো দাখিলের সময় লেখা থাকবে, আইনজীবী কোন বেঞ্চে শুনানি করতে চান। আইনজীবীর পছন্দ অনুযায়ী ক্রমিক নম্বর অনুসারে মামলাটি নির্দিষ্ট বেঞ্চে চলে যাবে শুনানির জন্য। সুবিধা হবে পরের ক্রমিক নম্বরের মামলা আগের ক্রমিকের মামলাকে ডিঙিয়ে শুনানিতে যেতে পারবে না। এতে বেঞ্চগুলোকে ছোটখাটো বিষয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বেঞ্চগুলো শুধু সকাল থেকে বিকেল পর্যন্ত মামলার শুনানি করবেন আর রায় লিখবেন। উল্লেখ্য, উচ্চতর আদালতে মামলা দ্রুত নিষ্পত্তিতে পদ্ধতিগুলোর পরিবর্তনে আইনজীবীদের পরামর্শ প্রয়োজন। কারণ বিচার বিভাগের বড় একটি অংশ জুড়ে আছেন আইনজীবীরা, যাঁরা বিচার বিভাগে বিচারপ্রার্থীদের প্রতিনিধিত্ব করেন। বিচারপ্রার্থীদের কল্যাণে তাঁদের পরামর্শকে উপেক্ষা করার সুযোগ নেই।লেখক : সাবেক জেলা ও দায়রা জজ ও আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট