মামলা হলে মাহফুজুরকে গ্রেপ্তার করা হবে (ভিডিও)
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সাগর-রুনি সম্পর্কে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন রকমের মন্তব্য করা হয়, তা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে।মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী এ কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সভার আয়োজন করে।সাগর-রুনির ব্যাপারে সম্প্রতি লন্ডনে দেওয়া মাহফুজুর রহমানের বক্তব্য সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে সাগর-রুনির সম্পর্কে এভাবে মন্তব্য করেছেন, আমরা অবশ্যই সেটা দেখব। আমাদের তদন্তকাজকে বাধাগ্রস্ত করে অবশ্যই আমাদের সেটা দেখতে হবে।’ ৩০ মে লন্ডনে মাহফুজুর বলেছিলেন, সাগর-রুনি পরকীয়ার বলি। এ ছাড়া রুনির বাসায় মদের আসর বসা, রুনির শিশুসন্তানের বক্তব্যের রেকর্ড তাঁর কাছে থাকার কথা বলেন তিনি।সাগর-রুনি সম্পর্কে মাহফুজুর রহমানের দেওয়া বক্তব্যের পর সাংবাদিক মহলে তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি ওঠে। এ ব্যাপারে সরকার কী ব্যবস্থা নিয়েছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার মামলা করেন। মামলায় তাঁকে আসামি করা হলে আমরা তাঁকে গ্রেপ্তার করব।’লন্ডনের সেই সময় মাহফুজ প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ বলে মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে সাহারা খাতুন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কেউ কটূক্তি করে থাকলে সেটা অবশ্যই আমাদের দেখতে হবে।’এ সময় এক সাংবাদিক মাহফুজুর রহমানের এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল কি না জানতে চাইলে সেটা দেখবেন বলে জানান। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মতবিনিময় সভায় বলেছিলেন, দুই সাংবাদিককে নিজের ঘরে মারা হয়েছে। সরকারের পক্ষে কারও বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়। তবে বিষয়টি তদন্ত হচ্ছে।