যশোরে ছাত্রলীগের নেতা রিপন হোসেন ওরফে দাদা রিপন হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল সোমবার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা শহিদুল ইসলাম। তবে এ ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রিপন হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।এদিকে ছাত্রলীগের সম্মেলনে বোমা বিস্ফোরণ ও গুলিতে ছয় পুলিশ আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় চারজনকে এবং আওয়ামী লীগের নেতা রবিউল আজিজকে ছুরিকাঘাত করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ জানান, রিপনের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের পরিচয় জানানো যাচ্ছে না।সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেনকে গত রোববার সন্ধ্যায় জামতলা এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওসি জানান, ছাত্রলীগের সম্মেলন চলাকালে বোমা ছুড়ে পুলিশকে আহত করার ঘটনায় করা মামলার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শহরের পুরাতন কসবা এলাকার শেখ জিহাদ হেসেন, শংকরপুর এলাকার মশিউল আলম, হুমাযুন কবির ও মো. সাগর। এ ছাড়া আওয়ামী লীগের নেতা রবিউল আজিজ ওরফে তপুকে ছুরিকাঘাতের ঘটনায় রেলগেট এলাকার রবিউল ইসলামকে আটক করা হয়েছে।এদিকে রিপন হত্যার প্রতিবাদে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সকালে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি দড়াটানা মোড় থেকে বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ দলীয় সাংসদ খালেদুর রহমান টিটো রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সিংহ রায়, দলীয় নেতা আলী রায়হান, ছাত্রলীগের নেতা লুত্ফুল কবির, মাহমুদ হাসান প্রমুখ।সমাবেশ শেষে দলীয় নেতারা নিহত রিপনের জানাজায় অংশ নিতে এড়ান্দা গ্রামে যান। বেলা দেড়টার দিকে পারিবারিক কবরস্থানে রিপনকে দাফন করা হয়।এদিকে পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক আবু বকর সিদ্দিকী গত রোববার রাতেই রিপন হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রথম আলেকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা থেকে দুই প্লাটুন পুলিশ যশোরে নিয়ে আসা হয়েছে। বোমা হামলা, রিপন হত্যা ও রবিউল আজিজকে ছুরিকাহতের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।যে কারণে আওয়ামী লীগে কোন্দল: দলীয় সূত্রে জানা গেছে, যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান আওয়ামী লীগে যোগ দেন ২০০৬ সালে। ২০০১ সালের আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টিতে ছিলেন। ২০০১ সালে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন। তবে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি আবার দল ছাড়েন। ২০০৬ সালে খালেদুর রহমান আওয়ামী লীগে যোগ দেওয়ার পর জেলা আওয়ামী লীগে কার্যত দুটি ধারার সৃষ্টি হয়। অপর পক্ষের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। কিন্তু সদর আসনটি পুনরুদ্ধারের জন্য খালেদুর রহমানকে মহাজোটের প্রার্থী ঘোষণা করা হয় ২০০৯ সালের সংসদ নির্বাচনে। তখন শেখ হাসিনার অনুরোধে জেলা আওয়ামী লীগের নেতারা নির্বাচনে তাঁর পক্ষে কাজ করেন। তবে দলে বিরোধ থেকে যায়।বিগত উপজেলা পরিষদ নির্বাচনে শাহীন চাকলাদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলের অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট হয়। একাংশের নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সাংগঠনিক সম্পাদক স্বপন সিংহ রায়। অপর অংশে নেতৃত্ব দিচ্ছেন সাংসদ খালেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পীযূষ কান্তি ভট্টাচার্য, এ জেড এম ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকীব, যশোর পৌরসভার মেয়র এস এম কামরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিত কুমার নাথ।দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা বলেন, ‘সাংসদ খালেদুর রহমান জেলা আওয়ামী লীগের কেউ নন। তিনি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্যই ডিগবাজি দিয়ে দলে এসেছেন। তিনিই খুন-খারাবির মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।’সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘দলে খালেদুরের কোনো গ্রহণযোগ্যতা নেই। তিনি জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্যই পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছেন।’তবে সাংসদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওদের সঙ্গে আমার দ্বন্দ্ব হচ্ছে মূলত স্বচ্ছ ও অস্বচ্ছতার। ছাত্রলীগের কমিটিতে অস্বচ্ছতার মাধ্যমে বয়স্ক ছেলেদের নেতৃত্বে আনার জন্য তাঁরা ষড়যন্ত্র করছেন। আমি এর প্রতিবাদ করেছি। দলের সভাপতি বা সম্পাদক হওয়ার কোনো ইচ্ছা আমার নেই।’