নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের ঘরে ঢুকে স্ত্রী, শ্যালকসহ চারজনকে গলা কেটে হত্যা করার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত শনিবার রাতে মামলা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের বাড়িতে তাঁর দ্বিতীয় স্ত্রী শামীমা ইসলাম (৪১), শ্যালক রানা ইসলাম (২৭) এবং দুই গৃহপরিচারিকা রেখা আক্তার (২২) ও মনি আক্তারকে (১৪) গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের শোক কাটিয়ে উঠতে এলাকাবাসীর সময় লাগবে। ময়নাতদন্ত শেষে স্থানীয় প্রতাপেরচর বালুর মাঠে জানাজা শেষে শামীমা ও রানাকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী গ্রামে তাঁদের নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে। এ ছাড়া রেখা ও মনির লাশ তাঁদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম তেঘরিয়া গ্রামে পাঠানো হয়।চেয়ারম্যানের এক শ্যালক বাদী হয়ে শনিবার মামলা করেছেন। তবে এতে কোনো আসামির নাম বা হত্যাকাণ্ডের কারণ উল্লেখ করা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান হিসেবে রফিকুল ইসলামের জনপ্রিয়তা রয়েছে। তিনি সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) চাকরি ছেড়ে আশির দশকে নিজ এলাকায় পাথর ও রডসহ নির্মাণসামগ্রী এবং ঠিকাদারি ব্যবসা শুরু করেন। পরে তিনি রাজনীতিতে যোগ দেন। তাঁর প্রথম স্ত্রী কামরুন নাহার তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন। রফিকুল ১৯৯৮ সালে শামীমাকে বিয়ে করেন। ২০০১ ও ২০১০ সালে তিনি পরপর দুবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর জয়ের পেছনে শামীমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ, তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে সহজে মিশতে পারতেন। তাঁর আগের সংসারে একটি সন্তান থাকলেও রফিকুল-শামীমা দম্পতির কোনো সন্তান নেই। তবে পারিবারিক জীবনে তাঁরা সুখী ছিলেন। শামীমাসহ চারজনের হত্যাকাণ্ডের সময় রফিকুল দেশের বাইরে অবস্থান করছিলেন। তিনি গতকাল দেশে ফেরেন। ঘটনার পেছনে নারীঘটিত ও রাজনৈতিক কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশি অনুসন্ধানে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা ডকইয়ার্ডে গতকাল রোববার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, হত্যার নেপথ্য কারণ ও অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার উত্তম কুমার পাঠক জানান, শামীমার বাড়ির নৈশপ্রহরী আবদুস সাত্তারকে থানাহাজতে শনিবার থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার বলেন, খুনিরা চেয়ারম্যান পরিবারের পরিচিত ছিল বলে ধারণা করা হচ্ছে। অতিথি সেজে তারা শুক্রবার রাতে শামীমার বাসায় প্রবেশ করে এবং নৈশপ্রহরী আবদুস সাত্তারকে বাড়ির প্রধান ফটকের তালা খোলার নির্দেশ দেয়। শামীমার মুঠোফোনের কললিস্ট অনুযায়ী, তিনি রাত পৌনে দুইটায় সর্বশেষ কথা বলেন ভাই মামুন মিয়ার সঙ্গে। তাই ধারণা করা হচ্ছে, পারিবারিক বন্ধুদের সঙ্গে পেশাদার খুনিরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাদের চিনে ফেলায় গৃহপরিচারিকাসহ অন্যদেরও খুন করা হয়েছে। শামীমার শোবার ঘর থেকে উদ্ধার করা একটি ব্যক্তিগত চিঠির ব্যাপারে পুলিশ খতিয়ে দেখছে। রফিকুল ইসলাম গতকাল বলেন, শামীমার নামে কোনো সম্পত্তি ছিল না। হত্যাকাণ্ডের পর তাঁর স্ত্রী ও ছেলের বউয়ের বিপুল পরিমাণ সোনার গয়না লুট করা হয়েছে।