সিলেট এমসি কলেজের গণিতের শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী উদয়েন্দু সিংহ ওরফে পলাশ খুন হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। অন্য কেউ আটক বা গ্রেপ্তারও হয়নি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থেকে তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে কলেজ। গত সোমবার দুপুরে কলেজের সামনে রাস্তায় ছাত্রলীগের অপর পক্ষের কর্মীরা পলাশকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কোপায়। গুরুতর আহত পলাশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ সিলেট সরকারি কলেজের ছাত্র আয়ূব আলীকে আটক করে।সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, গতকাল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। ঘটনার পর তিনি বাদী হয়ে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি বলেন, ‘পত্রপত্রিকায় ঘটনাটির খবর যেভাবে এসেছে, আসলে তা-ই ঘটেছে। নিজেদের আধিপত্য ধরে রাখতে গিয়ে খুনের ঘটনা ঘটতে পারে।’এই খুনের ঘটনায় কলেজ গতকাল থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই তিন দিন কলেজের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। কলেজের অধ্যক্ষ শামসুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গতকাল কলেজের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় সারা দিন পুলিশ মোতায়েন ছিল। প্রশাসনিক দপ্তর খোলা থাকলেও কার্যক্রম ছিল প্রায় স্থবির। খুনের ঘটনার পর থেকে সিলেটে ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের নীরবতা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ বা সহযোগী সংগঠনের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষিত হয়নি। এতে প্রশ্ন দেখা দিয়েছে, তাঁরা এত নীরব কেন?ছাত্রলীগের কর্মীদের হাতে অপর কর্মী খুন হওয়াই এই নীরবতার কারণ কি না, এমন প্রশ্নে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি জগলু চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগে এমন ঘটনা ঘটবে—ব্যক্তিগতভাবে আমার কল্পনার মধ্যে ছিল না। আমরা যতটা না দুঃখিত, তার চেয়ে বেশি মর্মাহত। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এ ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করব।’ ঘটনার জন্য তিনি ছাত্রলীগের একটি পক্ষের বাড়াবাড়িকে দায়ী করেন। কলেজে মেয়াদ পেরিয়ে যাওয়া কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে এ সমস্যা কাটানোর পক্ষে তিনি মত দেন।সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ বলেন, ‘এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। আমরা যতটুকু জানি—জুনিয়র-সিনিয়র বিরোধ থেকে বন্ধুমহলে এ ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আমরা মর্মাহত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে দলের পক্ষ থেকে সহায়তা করা হবে।’ চিফ হুইপের শোক: শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, পলাশের অকাল মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বিকেলে এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি পলাশ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগির খুুঁজে বের করে আদালতের কাঠগড়ায় হাজির করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নির্দেশ দেন। তিনি পলাশের আত্মার শান্তি কামনা করেণ। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।