মামলাগুলো পুনরুজ্জীবিত করা হবে: আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা মামলাগুলো ভবিষ্যতে পুনরুজ্জীবিত করা হবে। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক গণ-অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। পেশাজীবী বিশেষ করে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও গণমাধ্যমের ওপর নিপীড়নের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে পরিষদ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে এম কে আনোয়ার বলেন, এ সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক বিবেচনায় সাত হাজার ১০০ মামলা প্রত্যাহার করে। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি খুনের ২০ আসামিকে ক্ষমা করে দেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে এম কে আনোয়ার বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আদালত আটজন অ্যামিকাস কিউরির (আদালতের সহায়তাকারী) মতামত নেন। এর মধ্যে সাতজনই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে কথা বলেছিলেন। সর্বশেষ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বেশির ভাগ দলই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে মত দেন। তাই এ ব্যবস্থা ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বক্তব্য দেন। তিনি বলেন, জাতীয় সংসদ জনগণের সংসদ হলে বিএনপি সংসদে যোগ দেবে।সংগঠনের আহ্বায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে গণ-অবস্থানে সংহতি প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক নেতা সদরুল আমিন, চলচ্চিত্রকার গাজী মাজহারুল ইসলাম, চাষী নজরুল ইসলাম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান।