মামলাটি গ্রহণ করেছেন কানাডার আদালত
ঘুষ দিয়ে বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পের কাজ বাগিয়ে নেওয়ার চক্রান্তের অভিযোগে এসএনসি-লাভালিনের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি আদালত গ্রহণ করে বিচারের জন্য অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতে পাঠিয়েছেন। আগামী ২৯ মে বিচার কার্যক্রম শুরুর দিনক্ষণ নির্ধারিত হতে পারে বলে আদালত জানিয়েছেন।তবে ৮ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রাথমিক শুনানিতে উপস্থাপিত প্রামাণ্য দলিলাদি এবং বিচারক, অভিযুক্ত ব্যক্তিদ্বয়, আইনজীবী বা সাক্ষীদের কোনো বক্তব্য তথা মামলার কার্যক্রমের কোনো তথ্য প্রকাশ করা যাবে না। আদালত বলেছেন, স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়া এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রেও এ বিধিনিষেধ প্রযোজ্য। মামলার শুরু থেকেই কার্যক্রম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা অনির্দিষ্টকালের জন্য বহাল রেখেছেন আদালত।গত শুক্রবার অন্টারিও কোর্ট অব জাস্টিসের বিচারক এম ম্যাকলয়েড আদালতের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।পদ্মা সেতু প্রকল্পের কাজ পেতে এসএনসি-লাভালিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তা তদন্ত করতে বিশ্বব্যাংকের অনুরোধের পরিপ্রেক্ষিতে কানাডার পুলিশ আরসিএমপি ব্যাপকভিত্তিক অনুসন্ধান শেষে প্রামাণ্য দলিলপত্রসহ আদালতে মামলা দায়ের করে। আর এসপিএমপির দলিলপত্রের ভিত্তিতে মো. ইসমাইল ও রমেশ শাহর বিরুদ্ধে মামলা চলতে পারে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে অন্টারিও কোর্ট অব জাস্টিস এ শুনানি করেন। আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখন শুরু হবে মূল বিচার কার্যক্রম।তবে বিচার কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে, সে ব্যাপারে আদালতের রায়ে সুস্পষ্ট কিছু বলা হয়নি। বিচারক এম ম্যাকলয়েড এ ব্যাপারে বলেছেন, সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের ব্যস্ততা এবং প্রসিকিউশন ও অভিযুক্ত পক্ষের আইনজীবীদের মতামতের ভিত্তিতেই দিনক্ষণ নির্ধারিত হবে। তিনি বলেন, সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের ব্যস্ততার নিরিখে ২০১৪ সালের শেষার্ধের আগে বিচার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা কম। একই অভিমত দিয়েছেন এ মামলায় অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইসমাইলের আইনজীবী ক্যাথলিন ওয়েলস।শুনানির শেষ দিনে স্থানীয় বাংলাদেশিদের অনেকেই আদালতে উপস্থিত হন। কানাডার মূলধারার গণমাধ্যমের সাংবাদিকেরা প্রথম থেকেই বিশেষ গুরুত্ব দিয়ে শুনানি কার্যক্রমের খবর সংগ্রহ করেছেন। মামলায় অভিযুক্ত বা সাক্ষী নয় (আদালতের নির্দেশনার কারণে নাম-পরিচয় উল্লেখ করা হলো না) এমন একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে শুনানি শুরু হয়। ক্রাউন কাউন্সেল তানিত জিলিয়াম তাঁকে জেরা করেন। আগের দিন অভিযুক্ত পক্ষের আইনজীবী ক্যাথরিন ওয়েলস তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন।জেরার একপর্যায়ে ক্রাউন কাউন্সেল আদালতকক্ষে উপস্থিত সাংবাদিকদের দিকে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ মামলার কার্যক্রম প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কিন্তু আদালতে সাংবাদিকসহ কমিউনিটির লোকজন উপস্থিত রয়েছেন। এ পর্যায়ে বিচারক মামলার কার্যক্রমের তথ্য প্রকাশের বিধিনিষেধের কথা আবার স্মরণ করিয়ে দিয়ে বলেন, এ মামলায় উপস্থাপিত কোনো দলিল বা দলিলের তথ্য, বিচারক, সাক্ষী, অভিযুক্ত ব্যক্তিদ্বয় বা আইনজীবী—কারও কোনো বক্তব্য প্রকাশ করা যাবে না। তিনি বলেন, মোটকথা মামলার কার্যক্রম চলাকালে শুনানির সঙ্গে সম্পর্কিত আদালতে দেখা বা শোনা কোনো তথ্যই প্রকাশ করা যাবে না। বিধিনিষেধের ক্ষেত্র ব্যাখ্যা করে বিচারক বলেন, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় খবর, নিবন্ধ বা মন্তব্য প্রকাশের ক্ষেত্রেও এ বিধিনিষেধ প্রযোজ্য হবে।আদালতে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকেরা ঢাকার গণমাধ্যমে বিশ্বব্যাংকের বরাতে ঘুষের তালিকা প্রকাশের খবরের প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করলে আদালত বলেন, স্থানীয় (বাংলাদেশের) কিছু গণমাধ্যমে ভিন্ন সোর্সের উদ্ধৃতি দিয়ে আদালতে উপস্থাপিত দলিলের সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য দিয়ে খবর প্রকাশিত হয়েছে। এ খবরগুলো মামলার বিচার কার্যক্রমকে ‘আন্ডারমাইন’ করবে। মামলা পরিচালনার ক্ষেত্রেও এ খবরগুলো জটিলতা তৈরি করছে।আদালতের বিধিনিষেধ কানাডার বাইরের আন্তর্জাতিক গণমাধ্যমের ক্ষেত্রেও প্রযোজ্য কি না, জানতে চাওয়া হলে আদালত স্পষ্ট করে বলেন, বিধিনিষেধ কোনো ভৌগোলিক পরিমণ্ডলের ওপর আরোপিত হয়নি, তথ্য প্রকাশের ওপর হয়েছে। ফলে যেকোনো স্থানে এ তথ্য প্রকাশ আদালতের নির্দেশনার বরখেলাপ। সকাল ১০টা থেকে মাঝে দুই দফা বিরতি দিয়ে আড়াইটা পর্যন্ত শুনানি চলে। পরে বিচারক অভিযুক্ত ইসমাইল ও রমেশ শাহকে ২৯ মে সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতে হাজির হতে নির্দেশ দেন।‘করাপশন অব ফরেন পাবলিক অফিশিয়াল অ্যাক্ট’-এর আওতায় দায়ের করা মামলায় প্রসিকিউশনের পক্ষে ক্রাউন কাউন্সেল এন্ড্রু ওয়েস ও তানিত জিলিয়াম, অভিযুক্ত মো. ইসমাইলের আইনজীবী ক্যাথরিন ওয়েলস ও রমেশ শাহর আইনজীবী ডেভিড কউসিন শুনানিতে অংশ নেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত হতে না পারলেও কানাডায় বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা পুরো সময় ধরে আদালতে উপস্থিত থেকে শুনানি প্রত্যক্ষ করেছেন। এদিকে ভিন্ন একটি সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পের কাজ পেতে এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ হিসেবে আদালতে দায়ের করা আরসিএমপির দলিলপত্রের কপি সংগ্রহ করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের কয়েকজন কর্মকর্তা চলতি সপ্তাহের শুরু থেকেই আদালতে উপস্থিত থেকে শুনানি কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় তাঁরা আদালতে উপস্থাপিত দলিলপত্রের কপি চেয়ে আবেদন করলে আদালত তা অনুমোদন করেন।জানা গেছে, আদালত থেকে প্রামাণ্য দলিলপত্র সংগ্রহের পরপরই বিশ্বব্যাংক এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য তাদের উন্নয়ন কাজে নিষিদ্ধ করার ঘোষণা দেয়।