মামলাটি প্রত্যাহারের আদেশ বাতিল আইনসম্মত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আদালত দুই শীর্ষ সন্ত্রাসীসহ অপর আসামিদের মামলা প্রত্যাহারের আদেশ আংশিক বাতিল করে যে সিদ্ধান্ত দিয়েছেন, তা আইনসম্মত নয়। বিধান অনুযায়ী এ বিষয়ে রাষ্ট্রপক্ষ অথবা বাদীপক্ষকে হাইকোর্টে আবেদন করতে হবে।এক নম্বর আসামি ওসমান গণিকে অব্যাহতি দিয়ে আফতাব হত্যা মামলা পুনরুজ্জীবিত করার আদেশ সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে এ কথা বলেন। প্রসঙ্গত, শীর্ষ সন্ত্রাসী শাহাদত হোসেন ও খোরশেদ আলমসহ এ মামলার মোট আসামি ছিল ১৯। সরকারের মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশেষ দায়রা জজ আদালত গত ৩ অক্টোবর এই মামলাটি প্রত্যাহার করেন। ২৯ নভেম্বর প্রথম আলোতে এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরদিনই একই আদালত পিপির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরুজ্জীবিত করেন।সুরঞ্জিত সেন বলেন, প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার দিনই সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছে। আবার পরদিনই অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে মামলা প্রত্যাহারের আদেশ বাতিল করার বিষয়টি বিস্ময়কর। সুরঞ্জিত সেন জানান, মন্ত্রণালয়ের যে আদেশের বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মামলা প্রত্যাহারের আবেদন করেছেন, সেই আদেশটি এবং জেলা ম্যাজিস্ট্রেট কিসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আদেশ দিলেন, সেটা দেখা হবে। তা ছাড়া আওয়ামী লীগের এক নেতা বলছেন, ওসমান গণি আওয়ামী লীগের কর্মী। অপর এক নেতা বলেছেন, গণি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নন। এ অবস্থায় কার কথা সত্য? সর্বোপরি পত্রিকায় লেখা হয়েছে, এই মামলা প্রত্যাহারের পেছনে ৫০-৬০ লাখ টাকা লেনদেন হয়েছে। এখানে কার কী সংশ্লিষ্টতা, কমিটি সবই খতিয়ে দেখবে। তিনি বলেন, আদালত তো পোস্ট অফিস নয়। সরকার চাইলেই যার-তার মামলা প্রত্যাহার করা হবে, এমন তো হতে পারে না। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আরও দেখা গেছে, পিপি বলছেন শুধু ওসমান গণির মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালতের ৩০ নভেম্বরের সর্বশেষ আদেশে বলা হয়েছে, পিপি সব আসামির মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন। এ ক্ষেত্রে কার কথা সত্য? কমিটির পরবর্তী বৈঠকে এ সংক্রান্ত প্রতিবেদন আসার পর বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মামলা প্রত্যাহারের আদেশ বাতিলের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তা বেআইনি। এর ফলে পুরো মামলাটি হালকা হয়ে গেছে। আইন মন্ত্রণালয়ের উচিত ছিল, বাদীপক্ষকে আদালতে পাঠানো, বাদীপক্ষ যদি আদালতে বলত, সরকার বা আদালত বেআইনিভাবে এ কাজ করেছে, তাহলে মামলাটি শক্ত হতো। আসলে সরকার লোক দেখানোর জন্য এ কাজটি করেছে। দ্রুততার সঙ্গে মামলা প্রত্যাহারের আদেশ বাতিল করার মাধ্যমে আসামিদের জামিনের পথ বাতলে দেওয়া হয়েছে।