মামলাটি প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তদারক করছেন। আর তাই পুলিশ মামলাটি ধামাচাপা দিতে পারে না, এমনকি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করবে না।আজ শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মিলব্যারাক পুলিশলাইনে পুলিশের আউটডোর শুটিং রেঞ্জের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই, সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবেই। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি নিজে তদারক করছি।’হত্যা মামলাটি ধামাচাপা দেওয়া হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর পুলিশেরও সেই ইচ্ছা নেই। খুনি ধরা পড়বেই।’ হত্যাকাণ্ডের সাত দিন পার হলেও এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, ‘হত্যার রহস্য উদঘাটন করতে গিয়ে তদন্তে অনেক ডালপালা বেরিয়ে আসে। সেগুলোও দেখতে হয়।’ প্রভাবশালীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না—এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, এমন কোনো প্রভাবশালী মহলের কথা তিনি জানেন না। সাংবাদিকেরা যদি এমন কারও নাম জানেন, তবে তাদের ধরিয়ে দিতে মন্ত্রী আহ্বান জানান। এরপর তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘অপরাধী বের হবেই।’অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।