মামলাটির পুনর্জন্ম প্রধান আসামি মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ সন্ত্রাসী শাহাদত হোসেন ও খোরশেদ আলমসহ ১৯ জনের নামে দায়ের করা সেই আলোচিত খুনের মামলাটি পুনরুজ্জীবিত করেছেন আদালত। তবে এক নম্বর আসামি ওসমান গণি সরকারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবদুল্লাহ আবুর আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ দায়রা জজ আদালত গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।২০০৫ সালের ডিসেম্বরে মিরপুরে ব্যবসায়ী আফতাবউদ্দিন হত্যার ঘটনায় এ মামলা হয়। তাঁর ভাই ব্যবসায়ী আফরোজউদ্দিন এই মামলার বাদী। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এক নম্বর আসামি ওসমান গণিকে বাদ দিয়ে মামলাটি পুনরুজ্জীবিত করা হলে আমরা ন্যায়বিচার পাব না।’জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আদালতের ত্রুটিযুক্ত আদেশের কারণে শীর্ষ সন্ত্রাসীর মামলা প্রত্যাহার করা হয়। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর আমরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি।’ তিনি জানান, ২৯ নভেম্বর প্রথম আলোতে প্রতিবেদনটি পড়ার পরপরই তিনি পিপিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। সে অনুযায়ী পিপি নতুন করে আবেদন করেন।পিপির আরজিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম আসামিদের অব্যাহতির আদেশ বাতিল করার জন্য তাঁকে মৌখিক নির্দেশ দিয়েছেন। তাই হাজি ওসমান গণি সরকার ছাড়া অন্য আসামিদের অব্যাহতির আদেশ বাতিল করে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হয়েছে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়ার আবেদন করেন পিপি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ দায়রা জজ আদালত এক নম্বর আসামি ছাড়া অন্য ১৮ আসামিকে অব্যাহতি দিয়ে মামলা পুনরুজ্জীবিত করার আদেশ দেন। আদালত থেকে জামিন নেওয়া আসামিদের বিরুদ্ধে সমন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশও দেওয়া হয়। এই আসামিদের বিরুদ্ধে মামলাটি যথারীতি নিয়মে আগের অবস্থায় চলবে। আজ বুধবার আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠনের শুনানি হবে।আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, আদালতের মামলা বাতিলের আদেশ ছিল ত্রুটিযুক্ত ও ভুল।বিশেষ দায়রা জজ আদালতে করা আবেদনে পিপি উল্লেখ করেন, গত ৩ অক্টোবর পলাতক আসামিসহ ১৯ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেওয়া হয়। কিন্তু নথি পর্যালোচনা করে দেখা গেছে, ওসমান গণি ছাড়া অন্য আসামিদের পক্ষে মামলা প্রত্যাহারের কোনো আবেদন করা হয়নি।মামলার বাদী আফরোজউদ্দিন প্রথম আলোকে বলেন, এক নম্বর আসামি ওসমানের ধানমন্ডির বাসায় ওই হত্যার পরিকল্পনা করা হয়। ওসমান একজন ভূমিদস্যু। রাজনৈতিক কারণে নয়, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা নিজ বাসার কাছে তাঁর ভাইকে গুলি করে হত্যা করে।আদালতে এ মামলার অভিযোগপত্রে বলা হয়, আফতাবকে খুন করার জন্য ওসমান মিরপুরের ত্রাস শাহাদত, খোরশেদ ও তাদের সহযোগীদের ব্যবহার করে। আফতাবকে খুনের বেশ কিছুদিন আগে থেকেই তারা চাঁদা চেয়ে হুমকি দেয়।গণির বিরুদ্ধে যত অভিযোগ: মিরপুর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ী আফতাবকে হত্যার পর ওসমান ও তাঁর সহযোগীরা আফরোজকে বহুবার প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে গণির বিরুদ্ধে থানায় ২২টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ছাড়া মিরপুরে সংঘটিত গণপূর্তের ঠিকাদার সাইফুল ইসলাম চন্দন (৪০) ও ব্যবসায়ী মালু হত্যাকাণ্ডে ওসমান গণির বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছিল। চন্দন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দীও ছিলেন ওসমান গণি।মিরপুর ১ নম্বরের কো-অপারেটিভ মার্কেটের ব্যবসায়ী আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, একসময় গণি তাঁর সঙ্গে অ্যালুমিনিয়াম সামগ্রী বিক্রি করেন। কিন্তু তাঁর মূল পরিচয় ছিল ভূমিদস্যু হিসেবে। তিনি মিরপুরে অনেকের জমি দখল করেছেন।প্রসঙ্গত, আফতাব হত্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন এক নম্বর আসামি ওসমান গণি সরকার। এই মামলার তিন নম্বর আসামি শীর্ষ সন্ত্রাসী শাহাদত হোসেন। অন্যরা প্রায় সবাই থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁরা কোনো রাজনৈতিক নেতা নন। তবু এই মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে উল্লেখ করে পুরো মামলা প্রত্যাহারের জন্য এ সংক্রান্ত কমিটি সুপারিশ পাঠায়। এরপর বিশেষ দায়রা জজ আদালত গত ৩ অক্টোবর মামলাটি বাতিলের আদেশ দেন। অন্য খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী শাহাদত ও খোরশেদকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।সাংসদ কামাল মজুমদার ওসমান গণিকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী দাবি করে মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেছিলেন। তবে মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ওসমান গণি থানা বা ওয়ার্ড আওয়ামী লীগের কেউ নন। তিনি সুবিধাবাদী।সংশোধনী: ‘খুনের মামলা প্রত্যাহার, শীর্ষ সন্ত্রাসীর অব্যাহতি’ শীর্ষক প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশের পর ওই দিনই আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এ নিয়ে আলোচনা করে। কমিটি এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে। তবে পিপি ও ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে পরবর্তী বৈঠকে উপস্থিত থাকতে বলার তথ্যটি ঠিক নয়।