মামলার অগ্রগতি নেই, ধরা পড়েনি প্রধান আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যার দেড় মাস পার হলেও মামলার তেমন কোনো অগ্রগতি হয়নি। পুলিশ এখনো মূল আসামিদের ধরতে পারেনি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। মামলার প্রধান আসামি জুনায়েদ আহমেদ বিদেশে চলে গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার বলেছেন, তাঁদের ধারণা, জুনায়েদসহ সব আসামি এখনো দেশেই আছে। এদিকে মামলার প্রধান আসামি জুনায়েদ আহমেদের মা রেহেনা আক্তার ‘অযাচিত হয়রানির’ অভিযোগ এনে আজ শনিবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন। তিনি প্রথম আলোসহ বিভিন্ন দৈনিক পত্রিকার স্থানীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র বিলি করেছেন। জুনায়েদ এ মামলার ১ নম্বর ও তার বাবা শাহ সেলিম ২ নম্বর আসামি। হিমাদ্রীর ওপর হামলার ঘটনার পর থেকে তারা পলাতক। মামলার অন্য আসামিরা হলেন: শাহাদাত হোসেন, শাওন ও ডেনি। তাদের মধ্যে শাহাদাত গ্রেপ্তার হয়েছে। গতকাল পত্রিকা কার্যালয়ে পাঠানো সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে বলা হয়, ‘হিমাদ্রী হত্যা মামলায় আমাদের নিরপরাধ সন্তানদের অযাচিত হয়রানি থেকে অব্যাহতি চাই।’ জানতে চাইলে জুনায়েদের মা রেহেনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘এত দিন তো আপনারা এক পক্ষের বক্তব্য লিখেছেন। এখন আমাদের বক্তব্যও তুলে ধরবেন।’ হিমাদ্রী হত্যাকাণ্ডের সঙ্গে জুনায়েদের সম্পৃক্ততা কি অস্বীকার করছেন? এ প্রশ্নের জবাবে রেহেনা বলেন, ‘অস্বীকার করার প্রশ্নই আসে না। তবে আমাদের কিছু বক্তব্য রয়েছে। তা তুলে ধরব।’ জুনায়েদ ঘটনার পর লন্ডনে চলে যায় বলে তিনি দাবি করেন। হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আসামিরা দেশেই আছে বলে আমার মনে হয়। পুলিশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা অভিযান অব্যাহত রেখেছে বলে আমাদের জানাচ্ছে। কিন্তু অগ্রগতি তো দেখছি না।’প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল হিমাদ্রীকে পাঁচলাইশের একটি ভবনের ছাদে কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। চট্টগ্রাম ও ঢাকার স্কয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর ২৩ মে সে মারা যায়। গত ২৪ মে হিমাদ্রীর মামা অসিত দাশ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।এদিকে, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার এক মাস ১৮ দিন পার হয়ে গেলেও হিমাদ্রী হত্যা মামলার তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বলে পুলিশ স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া শাহাদাত পুলিশকে কিছু তথ্য দিয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে। তবে ১৬৪ ধারায় আসামির বক্তব্য নথিভুক্ত করা হয়নি। ১ নম্বর আসামি জুনায়েদ আহমেদ লন্ডনে চলে গেছে বলে তার পরিবার দাবি করলেও পুলিশ এ ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি। পুলিশ বলেছে, তারা জুনায়েদের পাসপোর্ট নম্বর দিয়ে বিভিন্ন বিমানবন্দরে তল্লাশি করেছে। কিন্তু এ ধরনের তথ্য পায়নি। সম্প্রতি আইনজীবী সারাহ হোসেন, খুশী কবির ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে হিমাদ্রী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) কাজী জহির প্রথম আলোকে বলেন, ‘মামলার অগ্রগতি নেই। অন্য আসামিরা পলাতক। তবে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আশা করি, ইতিবাচক খবর দিতে পারব।’ কাজী জহির আরও বলেন, ‘আসামি শাহাদাত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে আসামির বক্তব্য আমরা প্রকাশ করব না।’