পাবনা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে। তবে জেলা প্রশাসকের অপসারণের দাবিতে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে। আজ শনিবার দুপুরে পাবনা পৌর আওয়ামী লীগ এক জরুরি সভা করে এ সিদ্ধান্ত জানিয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত শহরের আবদুল হামিদ সড়কে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা চলে। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান। সভা শেষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী তসলিম হাসান সাংবাদিকদের জানান, সভার শুরুতেই ২৩ সেপ্টেম্বরের ঘটনায় নিন্দা জ্ঞাপন করা হয়। এ ছাড়া সভায় জেলা প্রশাসন ছাত্রলীগ, যুবলীগ ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের, ধারাবাহিক কর্মসূচি দিয়ে প্রজাতন্ত্রের বিধি লঙ্ঘন, নির্বাচিত প্রতিনিধিদের মতো সাংবাদিকদের ডেকে নিয়ে বিশোধগার করায় এবং জেলার উন্নয়নের জন্য বরাদ্দকৃত ১৫২ মেট্রিক টন চাল ও জুডিশিয়াল কমপ্লেক্স নির্মাণ না করে অর্থ ফেরত পাঠানোয় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের দায়ের করা মামলার আসামিদের আদালতে হাজির করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করানোর সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ছিল। কিন্তু ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পরীক্ষাকেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। পরে জেলা প্রশাসন জরুরি বৈঠক ডেকে ওই পরীক্ষা স্থগিত করে। এ ঘটনায় জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন।