মামলার এজাহার ও সরেজমিনে দুই রকম বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামে বৃদ্ধা মমতাজ বেগমকে (৫৫) সন্ত্রাসীরা এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে। তিনি প্রায় ১০ দিন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর তাঁকে নিজ বাড়িতে নেওয়া হয়। তবে মামলার এজাহার ও সরেজমিন অনুসন্ধানে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বাদী মমতাজ বেগম মামলার এজাহারে উল্লেখ করেন, তিনি জমি ক্রয় করে সৎচাচা জয়নাল বেপারীর বাড়ির পাশে বসবাস করছেন। ওই চাচার সঙ্গে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। তাই কারণে-অকারণে চাচাতো ভাইয়েরা মিথ্যা মামলা দিয়ে তাঁদের জেল খাটান। বিভিন্ন সময় চাচাতো ভাইয়েরা ভিটেবাড়ি থেকে উৎখাত ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলেন। ৫ মে মাগরিবের নামাজ পড়ে মমতাজ বেগম নিজ ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় আসামিরা একসঙ্গে এসে তাঁকে অন্যত্র চলে যেতে হুমকি দেন এবং সৎচাচা জয়নাল বেপারী নিজ ঘর থেকে এক বোতল এসিড এনে ছেলে ইদ্রিস বেপারীর হাতে দেন। অন্য আসামিরা মমতাজ বেগমের দুই হাত ধরে রাখলে ইদ্রিস বেপারী, মো. কুদ্দুস বেপারী ও মোসাম্মৎ তাছলিমা পালাক্রমে একই স্থানে তাঁর ডান হাতের বাহুতে এসিড নিক্ষেপ করেন। এতে হাত, কাঁধ, বুক গলা ও পেট ঝলসে যায়। ৯ মে সাড়ে চারটার সময় ভোলা সদর হাসপাতালের বেডে ভুক্তভোগী মমতাজ বেগম ও তাঁর বোন বিধবা রিজিয়া বেগম (৫৭) শুয়ে ছিলেন। এসিডে ঝলসে গেলেও মমতাজ বেগম কথা বলতে পারছিলেন। কিন্তু পরিবারের অন্য কথার উত্তর দিলেও এসিড নিক্ষেপসংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি কথা বলতে পারছেন না বলে মুখ ঘুরিয়ে নেন। এ সময় তাঁর বোন রিজিয়া বেগম বলেন, ‘গত বুধবার (৫ মে) দিবাগত রাত পৌনে আটটার সময় ঘরের দাওয়ায় বসে মমতাজ বেগমের সঙ্গে কথা বলছিলাম। এ সময় দুজন দুর্বৃত্ত মমতাজের শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। আমি টর্চ দিয়ে দেখি, সৎচাচাতো ভাই ইদ্রিস বেপারী দ্রুত হেঁটে যাচ্ছে। অন্যজনকে চিনতে পারিনি।’ আসামি ইদ্রিস বেপারী প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। তাদের ঘরে টেপরেকর্ডার বাজানোর জন্য ব্যাটারি আছে, সে ব্যাটারির এসিড নিজেরা নিক্ষেপ করেই আমাদের ফাঁসাচ্ছে। ইতিপূর্বে তারা আমাদের বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দিয়েছিল। পুলিশের তদন্তে দুটি মামলাই মিথ্যা প্রমাণিত হয়েছে।’ভোলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শরীফ আহাম্মেদ বলেন, মমতাজ বেগম এসিড বার্নে ঝলসে গেছেন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান শেখ বলেন, ‘ঘটনা শোনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মমতাজ বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে এসিড অপরাধ দমন আইনের ৫(ক) ধারায় মামলা করেছেন। মামলার বাদীর বক্তব্য ও সরেজমিন পরিদর্শনে অনেক অমিল পাওয়া গেছে। এখন আমরা কোত্থেকে এসিড পেয়েছে সে উৎস খুঁজছি।’