মামলার চাপ কমাতে সংসদে গ্রাম আদালত বিল
নিয়মিত আদালতে মামলার চাপ কমাতে গ্রাম আদালত আইন সংশোধনের প্রস্তাব করে আজ বৃহস্পতিবার সংসদে বিল উত্থাপিত হয়েছে। বিলে গ্রাম আদালতে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ‘গ্রাম আদালত (সংশোধন) বিল-২০১৩’ সংসদে উত্থাপন করেন। বিলটি পরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বিলটির ব্যাপারে আপত্তি জানিয়ে বলেন, ‘এই আইনের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ঘুষের লেনদেন হবে।’ তিনি বিলটি নিয়ে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার দাবি জানান।জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘মামলার ভারে সমাজ ও রাষ্ট্র মুহ্যমান। খুঁটিনাটি অনেক সমস্যার কারণে মামলার সংখ্যা বাড়ছে। আদালতে মামলার চাপ কমাতে এ বিল উত্থাপন করা হয়েছে।’আইনের ৬ (খ) ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, গ্রাম আদালত গঠিত হওয়ার ১৫ দিনের মধ্যে এর প্রথম সভা হবে। সভায় উভয় পক্ষে শুনানি গ্রহণ করে মামলার বিচার্য বিষয় গ্রহণ করা হবে এবং উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসার মাধ্যমে বিচার্য বিষয় নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।প্রস্তাবিত আইনে গ্রাম আদালতের আর্থিক অধিক্ষেত্র ২৫ হাজার টাকার পরিবর্তে ৭৫ হাজার করা হয়েছে। বলা হয়, গ্রাম আদালতের আদেশের বিরুদ্ধে দায়ের করা রিভিশন আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট সহকারী জজ সেটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন। মিথ্যা মামলা দায়ের করার শাস্তি হিসেবে দুই হাজার টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে গ্রাম আদালত অবমাননার শাস্তি ৫০০ টাকার পরিবর্তে এক হাজার টাকা করার বিধান রাখা হয়েছে।