মামলার জট নিরসনে মানিকগঞ্জে উদ্যোগ
‘সুষ্ঠু মামলার ব্যবস্থাপনা ও আদালত ব্যবস্থাপনার মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তিতে দীর্ঘসূত্র এড়ানো সম্ভব’—এ নীতি অনুসরণে মানিকগঞ্জ জেলা জজ আদালত আবারও উদ্যোগ নিল পুরোনো মোকদ্দমা নিষ্পত্তির। এ লক্ষ্যে ১৪ জুন অপরাহ্নে আদালতের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জজ মুহাম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ২০০৪ সাল পর্যন্ত দায়ের করা বিচারাধীন ১০০টি মোকদ্দমা চিহ্নিত করা হয় এবং এগুলো নিষ্পত্তিতে বিদ্যমান বাধাগুলো দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিচারক ও আইনজীবীদের মধ্যে সরাসরি মতবিনিময়ের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, মানিকগঞ্জের বর্তমান জেলা জজ তাঁর উদ্ভাবিত পদ্ধতি প্রয়োগ করে আদালত ব্যবস্থাপনার মাধ্যমে প্রথমেই আদালতের সব বিভাগ সচল করেন। এরপর ৭ অক্টোবর ২০০৯ সালে সুনির্দিষ্ট মামলা ব্যবস্থাপনার ধারাবাহিক কার্যক্রম চালু করেন। এ কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে ১৯৬৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়ের করা সব মোকদ্দমা নিষ্পত্তি করা হয়েছে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা জজ কিরণ শংকর হালদার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়শ্রী সমদ্দার, যুগ্ম জেলা জজ শেখ গোলাম মাহবুব, এস এম জিয়াউর রহমান ও সহকারী জজ মো. সিকান্দার জুলকার নাইনসহ অন্য বিচারকেরা। এ ছাড়া মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার শরিফ উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিলুর রশিদ, জিপি অ্যাডভোকেট মেহের উদ্দিন, পিপি অ্যাডভোকেট আবদুস সালাম ও অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনসহ সমিতির সিনিয়র সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় আগামী তিন মাসের মধ্য চিহ্নিত মোকদ্দমা সুষ্ঠুভাবে নিষ্পত্তির প্রত্যয় ব্যক্ত করা হয়