মামলার জালে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ ৪১ নেতার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গতকাল মঙ্গলবার গ্রহণ করেছেন আদালত। এর আগে গত বছরের মে মাসে অন্য একটি মামলায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতৃত্বাধীন জোটের ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।হরতালকে কেন্দ্র করে গাড়ি পোড়ানো ও বিশৃঙ্খলার অভিযোগে দ্রুত বিচার আইনসহ বিভিন্ন আইনে এসব মামলা দেওয়া হয়েছে। ফলে একের পর এক মামলায় বিএনপি এখন বিপর্যস্ত। একটি মামলায় জামিন পেলে আবার নতুন মামলায় জড়ানো হচ্ছে দলটির শীর্ষস্থানীয় নেতাদের।বিএনপির নেতারা বলছেন, মামলার কারণে দলের রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। অবিশ্বাস্য দ্রুততায় দেওয়া হচ্ছে অভিযোগপত্র। তবে ঘুরে দাঁড়াতে পাল্টা শক্তি প্রদর্শনের প্রস্তুতিও চলছে। দায়িত্বশীল নেতারা কারাবন্দী থাকার পরও রাজধানীতে বড় সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।গত এক বছরে আটটি মামলার অভিযোগপত্রে বিএনপি ও এর নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ২৮২ জন নেতাকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটির নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।যেসব মামলায় বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলাগুলোকে ভিত্তিহীন বলেছেন তাঁদের আইনজীবীরা। প্রথম আলোকে তাঁরা বলেছেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। সরকার আদালতকে ব্যবহার করছে।দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা ও হয়রানির ঘটনা আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাঁদের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে অন্তত দুই দিন হরতাল দেওয়ার কথা ভাবছে দলটি।স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, বিএনপিতে নেতৃত্বের সংকট হবে না। হয়তো সাময়িক অসুবিধা হতে পারে। একজন গ্রেপ্তার হলে তার পরের জন দায়িত্ব পালন করবেন। এভাবেই সংগঠনকে দাঁড় করানো হয়েছে। কেন্দ্রের সব নেতা গ্রেপ্তার হলে জেলা পর্যায় থেকে নেতৃত্ব আসবে।বিএনপির কার্যালয় থেকে জানা গেছে, সারা দেশে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১০ হাজার মামলা আছে। নামে বা অজ্ঞাত বলে এসব মামলায় আসামি করা হয়েছে অন্তত তিন লাখ নেতা-কর্মীকে। বেশির ভাগ মামলা হলো হরতালে গাড়ি পোড়ানো, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, নাশকতা সৃষ্টি বা সৃষ্টির চেষ্টার অভিযোগে।বিএনপির আইনজীবীরা বলেছেন, গত মার্চে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে করা সাতটি মামলা বিচারাধীন আছে। এর আগে গত বছরের এপ্রিলে আরও দুটি মামলা করা হয়। এসব মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, আমান উল্লাহ, বরকতউল্লা, মো. শাহজাহান, সালাহ উদ্দিন আহমদ, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দীন চৌধুরী, মোয়াজ্জেম হোসেনসহ কেন্দ্রীয় কমিটির অন্তত ১৭ জন নেতাকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখা হয়েছে।আদালত প্রতিবেদক জানান, পল্টন থানার একটি মামলায় গতকাল মওদুদসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে ওই মামলায় পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। ২৯ এপ্রিল পরোয়ানা জারির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। গতকাল ঢাকার দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে গ্রেপ্তার করা ১৪৮ জন নেতার নামে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে আগুন ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় মাত্র ১১ দিনের মাথায় মির্জা ফখরুলসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।