মামলার জালে সামসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে বিরোধী দলের একাধিক প্রার্থী রয়েছেন, যাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি করে মামলা রয়েছে। সবচেয়ে বেশি মামলা রয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. সামসুজ্জামানের বিরুদ্ধে। আর সরকার-সমর্থিত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে এখন কোনো মামলা নেই।নির্বাচন কমিশনে প্রার্থীদের দাখিল করা হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।হলফনামা ঘেঁটে দেখা গেছে, পেশায় আইনজীবী ও রাজনীতিবিদ সামসুজ্জামানের বিরুদ্ধে ১৯৯১ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ৩৮টি মামলা হয়। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৪ সালের মধ্যে ২৯টি মামলায় তিনি খালাস পেয়েছেন। বাকি নয় মামলার বিচার চলছে। এর মধ্যে সাতটি মামলা বর্তমান সরকারের সময় দায়ের করা। সিলেট বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর অনুসারী হিসেবে পরিচিত সামসুজ্জামান মনে করেন, ‘আমার বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক। প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি সরকারি দলের প্রতিহিংসা কেমন হতে পারে, তার প্রমাণ আমি।’মেয়র প্রার্থী মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টির অভিযোগসহ বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে ২০টি মামলা রয়েছে। সব কটি মামলা বর্তমান সরকারের সময় হয়েছে। এসব মামলায় তিনি এখন কারাবন্দী।তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ‘সম্মিলিত নাগরিক ফোরাম’-এর মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও জরুরি বিধিমালায় পাঁচটি মামলা হয়। এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে তিনটি। দুটিতে খালাস পেয়েছেন। ২০০৮ সালের মেয়র নির্বাচন চলাকালে তিনি কারাবন্দী ছিলেন।বিদায়ী মেয়র ও ‘নাগরিক কমিটির’ মেয়র প্রার্থী নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে দুর্নীতি, বিশেষ ক্ষমতা আইন ও জরুরি বিধিমালায় চারটি মামলা হয়। ২০০৮ সালে সিটি করপোরেশন নির্বাচন চলাকালে তিনি ‘কিচেন মার্কেট’ দুর্নীতি মামলায় কারাবন্দী ছিলেন। ২০০৩ সালে দায়ের হওয়া এই মামলাসহ সব মামলা থেকেই তিনি বর্তমান সরকারের আমলে অব্যাহতি পান। আরেক প্রার্থী নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালীর বিরুদ্ধে ২০০৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা রয়েছে। মামলাটি বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে।