মামলার তদন্তের ভার সিআইডির হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যা মামলার তদন্তের ভার শেষ পর্যন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পুলিশ সদর দপ্তর থেকে মামলাটি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। দুপুরের দিকে এ-সংক্রান্ত আদেশ সিআইডিতে পৌঁছায়।এ বিষয়ে জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্তের জন্য গতকাল দুপুরে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভার এখনো কাউকে দেওয়া হয়নি। আজ রোববার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারও আলোচিত এই মামলার তদন্তভার সিআইডিতে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ মামলা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হকের দেওয়া বক্তব্যের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর মামলাটি সিআইডিতে হস্তান্তরের জন্য আইজিপির কাছে আবেদন জানায় গোয়েন্দা পুলিশ। তবে মামলার যাবতীয় নথিপত্র (ডকেট) বুঝিয়ে দিতে আরও দু-এক দিন লাগবে।জানা যায়, শুক্রবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ সময় প্রধানমন্ত্রীকে তিনি জানান, ইব্রাহিম হত্যা মামলা সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। এরপর গতকাল মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিতে হস্তান্তর করা হয়।জানা যায়, ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর লাইসেন্স করা পিস্তলের গুলিতে গত ১৩ আগস্ট নিহত হন ইব্রাহিম আহমেদ। ইব্রাহিমের পরিবারের সঙ্গে যোগাযোগ না করেই ওই দিন রাতে সাংসদের গাড়িচালক কামাল হোসেন ওরফে কালা বাদী হয়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, ইব্রাহিমকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে অপমৃত্যুর মামলা করেন কামাল। পরে ৩০ আগস্ট গাড়িচালক কামাল ও সাংসদের ব্যক্তিগত সহকারী সোহেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা ইব্রাহিমকে হত্যার কথা স্বীকার করেন। এদিকে ইব্রাহিমের স্বজনদের না জানিয়ে গোয়েন্দা পুলিশ ২ সেপ্টেম্বর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করে। ওই মামলায় কামাল ও সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিনই তাঁদের আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দির পর তাঁদের কারাগারে পাঠানো হয়।গত বুধবার রাতে সাংসদ নুরুন্নবী চৌধুরীকে এ হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কঠোর গোপনীয়তার মধ্যে মিন্টো রোডের ডিবির কার্যালয়ে তাঁকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।এর আগে ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবী চৌধুরীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা করেন। এ মামলার ব্যাপারে আদালত এখনো নির্দেশনা দেননি।শেরেবাংলা নগর থানায় করা হত্যা মামলার তদন্ত করছিল মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ সাংসদ নুরুন্নবীকে বাঁচানোর চেষ্টা করে বলে তদন্তের শুরুতেই অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনারকে এ নিয়ে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন।