মামলার দিন আসামিরা আদালতে না খেয়ে কাটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর হত্যা মামলার বিচারের প্রতিটি ধার্য দিনে এ মামলার ৮২৭ আসামি দিনভর না খেয়ে থাকেন। গতকাল বুধবার মামলার বিচার চলাকালে আসামিপক্ষের আইনজীবীরা একযোগে আদালতের কাছে এ অভিযোগ করেন।অভিযোগ শুনে বিচারক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দেন ও বলেন, ‘আমরা মুখে মানবাধিকার নিয়ে অনেক বক্তৃতা করি, কিন্তু সেটা বাস্তবায়ন করি না।’ পিলখানা হত্যা মামলার বিচার চলছে বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে। গতকালও এ মামলার পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবীরা এসব সাক্ষীকে জেরাও করেন। আদালতের বিচারক জহুরুল হক এত দিন ছুটিতে ছিলেন। গতকাল তিনি আদালতে যোগ দেওয়ার পর আগের দিনের সাক্ষীর অসমাপ্ত জেরা শেষ করেন।বকশীবাজারের এ আদালত ভবনটি টিনশেডের। এর ভেতরে ৮২৭ আসামি, তাঁদের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বসার ব্যবস্থা। গতকাল দুপুরের গরমে উত্তপ্ত হয়ে ওঠে আদালতের ভেতরের পরিবেশও। বিরতির পর একজন আইনজীবী আদালতকে বলেন, ‘এত গরমে সবাই অতিষ্ঠ। কাঠগড়ার আসামিরা পানি পর্যন্ত খেতে পারেন না।’ তিনি এ কথা বলার পর আসামিরা হইচই করেন। একজন আইনজীবী এ সময় পলিথিনে মোড়ানো কিছু চিড়া বিচারককে দেখিয়ে বলেন, ‘কাশিমপুর কারাগার থেকে ডান্ডাবেড়ি পরানো আসামিদের এভাবে চিড়া ও গুড় হাতে ধরিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে আসার পর আসামিরা আর তা খেতে পারেন না। চিড়া ভেজানোর পাত্র তো দূরের কথা, এটা খাওয়ার জন্য একটু পানিও তাঁরা পান না। শুকনা চিড়া কেউ খেতে পারেন না। তাঁরা না খেয়ে দিন কাটান।’পরে আসামিপক্ষের আরও কয়েকজন আইনজীবী এ বিষয়ে অভিযোগ করেন। তাঁরা আদালতের কাছে এর প্রতিকার চান। ফারুক আহমেদ নামের এক আইনজীবী বলেন, ‘মানুষ বেঁচে না থাকলে এ আদালত কার বিচার করবে?’ আমিনুল ইসলাম নামের আরেক আইনজীবী বলেন, ‘চারজনের জন্য ১৫০ গ্রাম চিড়া দেওয়া হয়, তাও সেটা খাওয়ার কোনো পাত্র দেওয়া হয় না।’ পেছনে বসা এক আসামি বলেন, ‘কারাগারের ভেতরে ভাতে পাথর থাকে। সবজির পরিমাণ খুব কম। এক কেজি গরুর মাংস বিক্রি হয় ৬০০ টাকায়। কেউ অভিযোগ করলে কেস টেবিলে নিয়ে পেটানো হয়।’বিচারক জহুরুল হক বলেন, ‘খাবার দেওয়া জেলখানার ব্যাপার। সেটা আদালতের কাজ নয়। তবে আসামি কেন খাবার আর পানি পাবে না, সেটা আমারও প্রশ্ন। আমরা মানবাধিকার নিয়ে অনেক বক্তৃতা করি, কিন্তু নিজে বাস্তবায়ন করি না।’ বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘এটা কার দায়িত্ব, দেখেন। কেন আসামিরা পানি পাবে না।’ আদালতের কথা শুনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন খোঁজ নিয়ে বলেন, ‘পানির ব্যবস্থা করা হচ্ছে। আর খাবারের জন্য পাত্রের ব্যাপারে কী করা যায়, সেটা নিয়ে আলোচনা করা হবে।’আরেকজন আইনজীবী বলেন, জেরার জন্য তাঁরা সাক্ষীর নকল পাচ্ছেন না। এটা না পাওয়ার কারণে জেরা করা যাচ্ছে না। জবাবে বিচারক বলেন, আদালতে টাইপ করার লোক নেই। একজন কর্মচারী ছিল। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মহানগর আদালতের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানেও একই অবস্থা।গতকাল বিডিআরের পাঁচ সদস্য সাক্ষ্য দেন। তাঁরা হলেন সিপাহি আবদুর রশিদ, আনোয়ার হোসেন, হাবিলদার তরিকুল ইসলাম, লে. নায়েক দেলোয়ার হোসেন ও পাঁচক হযরত আলী। এর আগের দিন সাক্ষ্য দিয়েছেন সুবেদার শাহজাহান মিয়া। গতকাল তাঁর অসমাপ্ত জেরা শেষ হওয়ার পর অন্যরা সাক্ষ্য দেন।