মামলার ধারা পাল্টে উচ্চ আদালত থেকে জামিন
চট্টগ্রাম নগরে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার মামলায় দণ্ডবিধির একটি ধারা পরিবর্তন করে উচ্চ আদালত থেকে আসামির জামিনের ব্যবস্থা করার অভিযোগ পাওয়া গেছে। জামিনের কাগজপত্র যাচাইয়ের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। চট্টগ্রাম নগর পুলিশ এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।আদালত সূত্র জানায়, গত বছরের ২৩ জানুয়ারি সকালে খুলশী এলাকায় কয়েকজন দুর্বৃত্ত নগর পুলিশের যানবাহন শাখার সার্জেন্ট মো. মশিউর রহমানকে লাঞ্ছিত করে। তারা এমইএস কলেজভিত্তিক সরকারদলীয় ছাত্র সংগঠনের কর্মী হিসেবে পরিচিত। সরকারি কাজে বাধা ও পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মো. ফিরোজ নামের একজনের বিরুদ্ধে খুলশি থানায় একটি মামলা হয়। দণ্ডবিধির ১৪৩/৩৩২/৩৫৩ ও ৫০৬ ধারায় মামলাটি হয়।আদালত সূত্র জানায়, উচ্চ আদালতে আসামি ফিরোজের কৌঁসুলি মো. রিয়াজ শাহেদ মাসুদ চারটি ধারার মধ্যে একটি অর্থাৎ ৩৫৩-এর পরিবর্তে ৩৫০ ধারা উল্লেখ করেন। গত ১০ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি এম এ ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খালেকুজ্জামানকে নিয়ে গঠিত বেঞ্চ ফিরোজের জামিন মঞ্জুর করেন।আসামির কৌঁসুলি রিয়াজ শাহেদ দাবি করেন, ‘একটি ধারা ভুল উল্লেখ করা হয়েছে বলে আমি শুনেছি। আসলে জুনিয়র আইনজীবীরা এসব মামলার খসড়া তৈরি করেন। তাঁরা এ রকম ভুল করতেই পারেন। এটা ছোটখাটো ভুল। পুলিশ নানা কারণে অজুহাত খুঁজছে। ভুল তো হয়েছে। এটা সংশোধনও করা হবে।’ চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আসামি ফিরোজ উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এ-সংক্রান্ত আদেশ পর্যালোচনা করে আমরা দেখেছি দণ্ডবিধি ৩৫৩-এর পরিবর্তে ৩৫০ ধারা উল্লেখ করা হয়। আমরা ইতিমধ্যে ঢাকায় উপকমিশনারের (প্রসিকিউশন) সঙ্গে ঘটনা সম্পর্কে কথা বলেছি। গলদের বিষয়টি উচ্চ আদালতের নজরে আনতে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।’দণ্ডবিধিসংক্রান্ত পুস্তকের ৩৫০ ধারায় বলা হয়, ‘যে ব্যক্তি কোনো অপরাধ করণার্থ অন্য কোনো ব্যক্তির প্রতি উক্ত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে বলপ্রয়োগ করে, কিংবা অনুরূপ বলপ্রয়োগের সাহায্যে যে ব্যক্তির প্রতি বলপ্রয়োগ করা হয়, সেই ব্যক্তির জখম, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার অভিপ্রায়ে, অথবা সেই ব্যক্তির ক্ষতি বা বিরক্তি সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে বলে জেনেও তার সম্মতি ব্যতিরেকে তার প্রতি বলপ্রয়োগ করে, সেই ব্যক্তি উক্ত অপর ব্যক্তির প্রতি অপরাধমূলক বলপ্রয়োগ করে বলে গণ্য হবে।’একইভাবে পুস্তকের ৩৫৩ ধারায় বলা হয়, ‘যে ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে অনুরূপ সরকারি কর্মচারী হিসেবে তার কর্তব্য সম্পাদনের ব্যাপারে অথবা উক্ত ব্যক্তির অনুরূপ সরকারি কর্মচারী হিসেবে তার কর্তব্য পালন হতে বিরত করার বা বাধাদান করার অভিপ্রায়ে অথবা অনুরূপ ব্যক্তি কর্তৃক অনুরূপ সরকারি কর্মচারী হিসেবে কৃত বা করার জন্য উদ্যত কোনো কিছুর কারণে তাকে আক্রমণ করে বা তার প্রতি বলপ্রয়োগ করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ তিন বছর এবং অর্থদণ্ড হওয়ার বিধান আছে।’চট্টগ্রাম আদালতের কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মামলা রুজুর ক্ষেত্রে ৩৫০ ধারার প্রয়োগ হয় না। প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি দায়িত্ব পালনকালে কেউ কোনো ব্যক্তি বা সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হলে তার সাজা ৩৫৩ ধারায় উল্লেখ আছে। তাই এ ক্ষেত্রে ৩৫০ ধারা ব্যবহার করে জামিন চাইলে ভুল হবে।’প্রসঙ্গত, ২৩ নভেম্বর নগর পুলিশের যানবাহন শাখার সার্জেন্ট মো. মশিউর রহমান এমইএস কলেজের সামনে যানজট নিরসনের কাজে ব্যস্ত ছিলেন। ওই দিন বেলা ১১টার দিকে ট্রাফিক-সংকেত অমান্য করে দুই যুবক হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ে এমইএস কলেজ এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সার্জেন্ট মশিউর তাঁদের গাড়ি থামানোর সংকেত দেন। একপর্যায়ে মোটরসাইকেলের আরোহী ফিরোজ সাত-আটজন যুবক জড়ো করে সার্জেন্ট মশিউরের ওপর চড়াও হন।