মামলার নথি দেখতে টাকা না দেওয়ায় আইনজীবীকে মারধর
মামলার নথি দেখতে টাকা না দেওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের এক পেশকার একজন আইনজীবীকে মারধর করেছেন। আজ রোববার মহানগর হাকিম তানিয়া কামালের আদালতের পেশকার এমদাদুল হক আইনজীবী পিযুষ কান্তি রায়কে প্রহার করেন।মহানগর হাকিম তানিয়া কামালের আদালতে এ ঘটনা ঘটে। হাকিম তানিয়া কামাল তাঁর খাসকামরা থেকে বেরিয়ে এসে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে আইনজীবীকে গ্রেপ্তারের নির্েদশ দেন। বিষয়টি জানাজানি হলে আইনজীবীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী অন্য হাকিমদের নিয়ে ঘটনাস্থলে যান এবং তাত্ক্ষণিকভাবে পেশকারকে সাময়িক বহিষ্কার করেন। একই সঙ্গে হাকিম তানিয়া কামালকে ওই আদালত থেকে প্রত্যাহার করে হাকিম জুলফিকার হায়াতকে দায়িত্ব দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, আইনজীবী পিযুষ কান্তি পেশকার এমদাদুলের কাছে একটি মামলার নথি দেখতে চাইলে পেশকার আইনজীবীর কাছে ৫০০ টাকা ঘুষ দাবি করেন। আইনজীবী তাঁকে টাকা না দিয়ে নথি দেখানোর জন্য চাপ দিলে পেশকার বিচারকের সামনে তাঁকে ধাক্কা মারেন। এতে উভয়ের মধ্যে হাতাহাতির একপর্যায়ে হাকিম আইনজীবীকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এ নিয়ে আইনজীবীরা প্রতিবাদ জানালে তাঁকে ছেড়ে দেওয়া হয়।ঢাকা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী নজিবুল্লাহ প্রথম আলোকে বলেন, আজ তিনি সমিতির দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় ছাড়া আদালত অচল হয়ে পড়বে। আইনজীবী ও আদালতের ভাবমূর্তি রক্ষার স্বার্থে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।