মামলার ফাঁদে নিঃস্ব এক জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৮ সালে শুরু হওয়া মামলাটি ২০১১ সালে এসে মাত্র অর্ধেক পথ অতিক্রম করল। নির্ধারিত কিংবা চূড়ান্ত হলো না জিয়াউরের প্রাপ্যটুকু। আরও চলবে হয়তো দীর্ঘ সময়। জিয়াউর নিঃস্ব, অসহায়...। সামান্য জায়গাও নেই, যা বিক্রি করে মামলার খরচ চালাবেন। পয়সা ছাড়া আদালতে লড়বেন কীভাবে? হাইকোর্টের উকিলদের তো লাখ টাকার নিচে ফি দেওয়া চলে না। দৃষ্টিপ্রতিবন্ধী জিয়াউরের চোখে এমনিতে অন্ধকার ভর করে আছে। কিন্তু নিজের অধিকার আদায় করতে গিয়ে আইন-আদালতে যে অন্ধকার দেখছেন, এর কাছে তাঁর দৃষ্টি প্রতিবন্ধকতা যেন কিছুই নয়।জন্মের পর থেকে দুই মায়ের সংসারের অশান্তি দেখে অনেক মনঃকষ্টে ভুগতেন জিয়াউর। যখন একটু-আধটু বোঝার মতো ক্ষমতা হয়েছিল, তখন থেকে সৎভাইবোনদের কাছ থেকে তেমন সহযোগিতা পেতেন না। সৎমা কিংবা সৎভাইবোন কেউ তাঁর সঙ্গে ভালো আচরণ করতেন না। নিজের মায়ের ভাইবোনও নেই তাঁর। অর্থাৎ তাঁর মায়ের তরফে তিনি একজন। তাঁর মা তাঁর বাবার ছোট স্ত্রী। কিন্তু ছোট থেকেই দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি, কলহ-বিবাদ দেখে এসেছেন। ১৯৭৮ সাল। তাঁর বয়স তখন দুই বছর। বাবার অঢেল সম্পত্তি থেকে দুই পক্ষের ছেলেমেয়েদের দুই একর ৫০ শতক জায়গা হেবা এওয়াজ (দান) করে দেন, যাতে ভবিষ্যতে এ নিয়ে কোনো বিরোধ না থাকে। জিয়াউর নাবালক থাকায় এ সম্পত্তি দেখভাল তাঁর মাকে করতে দেওয়া হয়। কিন্তু তখন থেকেই পুরো সম্পত্তিতে দখল নেন তাঁর সৎ চার ভাই। এর মধ্যে একজন নাবালক ছিলেন, যাঁর পক্ষে অন্য তিন ভাই ভোগদখল করতে থাকেন। এদিকে জিয়াউর বড় হতে থাকেন। তাঁর বাবা অন্য সন্তানদের বলতে থাকেন, জিয়াউরের নামের সম্পত্তিটুকু বুঝিয়ে দিতে। কিন্তু ভাইয়েরা এটা দিতে নারাজ। ১০ বছর কেটে গেল এভাবেই। ১৯৮৮ সাল। জিয়াউরের মা যখন দেখছেন তাঁর নাবালক গর্ভজাত সন্তানকে অন্য পক্ষের সন্তানেরা জায়গাজমি দিচ্ছে না, তখন আদালতে মামলা ঠুকে দিলেন গাইবান্ধার সাবজজ আদালতে (বর্তমানে যুগ্ম জেলা জজ আদালত)। মামলাটি বণ্টনের বা বাটোয়ারা মামলা। তখন জিয়াউরের বয়স ১২ বছর। মামলা চলতে থাকল। বাটোয়ারা মামলা মানেই হচ্ছে দীর্ঘসূত্রতা। বছরের পর বছর কেটে যায়। আদালতে সাক্ষী-প্রমাণ শুরু হতেই কেটে গেল আরও ছয় বছর। মামলার পরিণতির কথায় একটু পরে আসছি। জিয়াউরের কথা বলে নিই আগে। দুর্ভাগ্যের কষাঘাতে জিয়াউরের নিঃস্ব জীবন এখন। সেই নাবালক শিশুটি এখন এক সন্তানের জনক। স্ত্রী আর ছেলেকে নিয়ে থাকছেন রংপুরে। জিয়াউর দৃষ্টিপ্রতিবন্ধী। প্রচণ্ড রোদ না থাকলে চোখে দেখেন না। রাতে তো একেবারেই দেখেন না। বর্তমানে একটি সংস্থায় পিয়নের চাকরি করছেন। দৈনিক ভিত্তিতে মজুরি পান। অন্যদিকে তাঁর সৎভাইয়েরা সচ্ছল জীবনযাপন করছেন। জিয়াউরের আপন মা এখনো বেঁচে আছেন। কিন্তু মাকে কিছুদিন তাঁর নিজের কাছে রাখলেও ছেলের অভাব-অনটনের কথা চিন্তা করে গাইবান্ধায় চলে গেছেন। তাঁর মা নাকি এখন ভিক্ষা করেন এবং তাঁর এক পালিত মেয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। বেশ কয়েক বছর হলো বাবা মারা গেছেন। বাবা জীবিত অবস্থায় দুই পক্ষের ছেলেদের মধ্যে মিলমিশ দেখে যেতে পারলেন না। মামলা চালাতে চালাতে জিয়াউর শেষ সম্বলটুকু বিক্রি করেছেন। তাঁর ভাষায়, ‘সবই বেচে দিলাম, তবু বুঝতে পারছিনা মোর ভাগ্যত কী আছে।’ তিনি জানান, উকিল, মুহুরি, সেরেস্তা, পেশকার আর পিয়নকে টাকা দিতে দিতে তাঁর দখলে থাকা যেটুকু জমি ছিল, তাও বিক্রি করতে হলো। এখন তিনি নিতান্তই অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছেন। তাঁর কথায়, ‘মরে গেলে যে সাড়ে তিন হাত মাটির দরকার, তাও নাই।’ অথচ লড়াই চালিয়ে যাচ্ছেন বাবার দান করে যাওয়া জমিতে তাঁর প্রাপ্য অংশের জন্য।মামলার চক্র১৯৮৮ সালের করা বণ্টনের মামলাটিতে ১৯৯৪ সালে এসে পক্ষভুক্ত হন জিয়াউর। তখন তিনি সাবালক। ১৯৯৪ সালের মামলাটি চলতে চলতে রায় আসে ১৯৯৭ সালে। তখনকার সাবজজ (বর্তমান যুগ্ম জেলা জজ) রায় দেন, বাদী অর্থাৎ জিয়াউর কোনো সম্পত্তি পাবে না অর্থাৎ বণ্টনের মোকদ্দমাটি রহিত করা হয়। জিয়াউর এর বিপক্ষে আপিল করেন (জেলা জজ আদালত, গাইবান্ধায়)। অতিরিক্ত জেলা আদালতে আপিল স্থানান্তর করা হয়। এখানে ১৯৯৭ সালের দায়ের করা আপিলটির রায় আসে ২০০৪ সালে—সাত বছর পর। এ রায়ে আগের রায় বাতিল করে পুনরায় নিম্ন্ন আদালতে পাঠানোর আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতে ২০০৪ সাল থেকেই মামলাটি চলতে থাকে পুনরায় বিচারের জন্য। তিন বছর কেটে যায় আরও। ২০০৭ সালে নিম্ন আদালত থেকে রায় আসে, জিয়াউর এক একর ৪৮ শতাংশ জায়গায় আংশিক ডিক্রি পাবেন। তাঁর সৎভাইয়েরা এ রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন ২০০৭ সালে। আপিলের আরও তিন বছর পর ২০১০ সালে সৎভাইদের করা আপিলটি খারিজ হয়ে যায় এবং জিয়াউরের পক্ষেই রায় বহাল থাকে। মামলার পরিণতি এখানেই শেষ নয়। সৎভাইয়েরা এ রায়ের বিরুদ্ধে আবারও আপিল করেছেন হাইকোর্ট বিভাগে। মামলার শুনানি এখনো শুরু হয়নি। কবে শুরু হবে ঠিক নেই। একবার শুরু হলে কয় বছর লাগবে কে জানে। তারপর শেষ হলে আছে আপিল বিভাগ। এভাবেই মামলার চক্র চলবে...। ১৯৮৮ সালে শুরু হওয়া মামলাটি ২০১১ সালে এসে প্রায় ২৩ বছরে মাত্র অর্ধেক পথ অতিক্রম করল। নির্ধারিত হলো না কিংবা চূড়ান্ত হলো না জিয়াউরের প্রাপ্যটুকু। আরও চলবে হয়তো দীর্ঘ সময়। জিয়াউর এদিকে নিঃস্ব, অসহায়...। মামলা খরচ চালানোর মতো সামান্য জায়গাটুকুও নেই। পয়সা ছাড়া লড়বেন কীভাবে আদালতে? হাইকোর্টের উকিলদের তো লাখ টাকার নিচে ফি দেওয়া চলে না। জিয়াউরের চোখে এমনিতে অন্ধকার ভর করে আছে। কিন্তু নিজের অধিকার আদায় করতে গিয়ে আইন-আদালতে যে অন্ধকার দেখছেন, এর কাছে তাঁর দৃষ্টি প্রতিবন্ধকতা যেন কিছুই নয়।জিয়াউরের আকুতি এবং ভাইদের বক্তব্যটেনেটুনে এসএসসি পাস করা জিয়াউরের পাঠানো একটি চিঠির অংশবিশেষ তুলে ধরছি হুবহু।‘আমি এমনই এক মিসকিন, যাঁর কথা কেউ শুনে না, শুনতে চায় না। জন্ম থেকে শুনে আসছি, আইন নাকি সবার জন্য সমান। কিন্তু কই?...বিমাতা ভাইদের সঙ্গে মামলা চালাতে চালাতে ২২-২৩ বছর পার করে দিলাম। মামলার রায়ে জমির দখল বুঝে নেওয়ার জন্য কমিশন করলাম আদালতের মাধ্যমে যে আমার জমির দখল বুঝিয়ে নেব। কিন্তু কই? ঘুষ দিয়েও আমার জমির দখল পাচ্ছি না কেন? আইন তাহলে আমারে কী দিল?’জিয়াউরের সৎ বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলি। তিনি জানান, তাঁর সৎ ভাই হলেও অনেকবার তাঁরা মীমাংসা করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর সৎভাই তাঁদের জায়গা সম্পত্তিসহ বিক্রি করে দিয়েছেন। এখন এই মামলায় তাঁর আপন ছোট ভাইয়েরা আপিল করেছেন। আপিলেই সব নিষ্পত্তি হবে বলে তিনি জানান। তাঁর মতে, সৎভাই তাঁদের কাছে আসতে চান না বরং উল্টো তাঁদের জায়গা-জমিই বিক্রি করে দিয়েছেন। তিনি তাঁর ভাইকে ২৭ শতক জমি আলাদা করে লিখে দিয়েছেন। এই ২৭ শতক জমির কথা জিয়াউরকে জিজ্ঞেস করলে তিনি জানান, এ জমিটা নিয়েও ষড়যন্ত্র হয়েছে। তাঁর এক সৎভাইয়ের ওয়ারিশরা মামলার মাধ্যমে জোর করে তাঁর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। জিয়াউরের আকুতি, কেউ যেন মামলা-মোকদ্দমায় জড়িয়ে ফতুর না হয় তাঁর মতো। তাঁর আক্ষেপ, ‘মোর সন্তানরে কেন নিয়া আসলাম এই নিষ্ঠুর দুনিয়াতে। মাঝেমধ্যে মনে হয়, জীবনডারে শেষ করে দিই।’পাদটীকা:বণ্টন বা বাটোয়ারা মামলাএজমালি কোনো সম্পত্তির প্রাপ্য অংশ নিজেরা আপস করে কিংবা আদালতের সাহায্যে বণ্টন বা ভাগ করে নেওয়াকে বাটোয়ারা বলে। শরিকদের মধ্যে বনিবনা না হলে আদালতের মাধ্যমে এই ভাগবণ্টন দাবি করা যায়। একে বাটোয়ারা মামলা বলা হয়। সাধারণত এজমালি সম্পত্তি বা যৌথ সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে কে কতটুকু অংশ পাবেন, এ জন্য বাটোয়ারা মামলা করতে হয়। সাধারণত বিরোধ দেখা দেওয়ায় ছয় বছরের মধ্যে মামলা করতে হয়। এ মামলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, জমির স্বার্থসংশ্লিষ্ট সবাইকে মূল বাদী বা বিবাদী ছাড়াও পক্ষভুক্ত করতে হয়। তা না হলে পক্ষদোষে দুষ্ট হতে পারে। কেউ মারা গেলে তাদের উত্তরাধিকারের অন্তর্ভুক্ত হতে পারে এবং ছাহাম (অংশ) চাইতে পারে। এ মামলায় দুবার ডিক্রি হয়। প্রাথমিক ডিক্রি হওয়ার পরে বা আগে বাদী-বিবাদী নির্ধারিত সময়ে আপস-মীমাংসা করে নেওয়ার সুযোগ আছে। প্রাথমিক ডিক্রির পর বণ্টন না করা হলে অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে অংশ নির্ধারণ করে দিতে পারেন এবং চূড়ান্ত ডিক্রি প্রদান করেন। এ ধরনের মামলা সাধারণত দীর্ঘদিন চলতে থাকে।[email protected]