হঠাৎ করেই যেন ছোটাছুটি শুরু হয়ে যায় অপেক্ষমাণ লোকগুলোর মধ্যে। বিশালাকৃতির ক্যামেরা কাঁধে তিনজনই ছুটে যান ওল্ড সিটি হলের প্রবেশপথের সিঁড়িটাতে। দীর্ঘদেহী লোকটা তখন অনেকটা মাথা নিচু করে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাচ্ছেন। ক্যামেরাগুলোও ক্লোজ শট, লং শটে অনুসরণ করে যাচ্ছে তাঁকে। ঝলসে উঠছে ফ্ল্যাশ লাইটের আলো।একাকী সিঁড়ি ভেঙে ভেঙে হেঁটে যাওয়া বাঙালি চেহারার এই লোকটির নাম মোহাম্মদ ইসমাইল। বাংলাদেশের বহুল আলোচিত-সমালোচিত পদ্মা সেতু কেলেঙ্কারি মামলার সুবাদে তাঁর নামটি বহুল প্রচারিত। মোহাম্মদ ইসমাইল ও তাঁর অপর সহকর্মী রমেশ শাহর বিরুদ্ধে ‘করাপশন অব ফরেন পাবলিক অফিশিয়াল অ্যাক্ট’-এর আওতায় দায়ের করা মামলার শুনানিতে এসেছেন তিনি। ঘটনাটি গত সোমবারের।ডাউনটাউন টরন্টোর ওল্ড সিটি হলের ১২৫ নম্বর কক্ষে ঢুকেই একধরনের উৎকণ্ঠা টের পাওয়া যায়। সকাল ১০টায় শুনানির সময় নির্ধারিত থাকলেও বিচারক তখনো এজলাসে আসেননি। সামনের সাঁড়ির বাঁ পাশে একটি চেয়ারে বসে আছেন মোহাম্মদ ইসমাইল, পাশে তাঁর আইনজীবী। খানিকটা ডানে আছেন রমেশ শাহ ও তাঁর আইনজীবী। সর্ব ডানে ক্রাউন প্রসিকিউশন ও তাঁর সহকর্মীরা। প্রত্যেকের টেবিলে বৃহৎ আয়তনের তিনটি করে বাইন্ডার। টেবিলে কম্পিউটার, মাইক্রোফোন। পেছনের সারিতে এক কোনায় জটলা পাকিয়ে বসে আছে মূলধারার মিডিয়ার রিপোর্টাররা। বিচারকের আসনের ঠিক পাশেই আছে বড় একটি মনিটর। সাড়ে ১০টায় ঘোষণা হয় বিচারক এজলাসে আসছেন। ঢাউস সাইজের তিনটি বাইন্ডার বহু কষ্টে বগলদাবা করে ধীর লয়ে হেঁটে হেঁটে এজলাসে উঠে আসেন বিচারক এম ম্যাকলয়েড। তাঁর পেছনে ব্যক্তিগত কর্মকর্তা, তাঁর হাত খালি। ‘এই মামলায় পাবলিকেশন ব্যান আছে’—চেয়ারে বসেই জানান দেন বিচারক। ক্রাউনের পক্ষ থেকে সম্মতি জানানো হয় তাতে। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীও তাতে আপত্তি করেন না। সাংবাদিকদের পক্ষে সিবিসির ডেভ সেগলিনস এজলাসে দাঁড়িয়ে সংবাদ প্রকাশের অনুমতি চান। কিন্তু বিচারক তাঁর সিদ্ধান্তেই অনড় থাকেন। বলেন যে সিদ্ধান্ত ঘোষণার সময় তিনি জানিয়ে দেবেন, আদালতের রায়ের বাইরে যুক্তিতর্কের কতটুকু, আদালতে উপস্থাপিত দলিলের কোনগুলো প্রকাশ করা যাবে আর কোনগুলো যাবে না।আদালতকে জানানো হয়, দুজন দোভাষী প্রস্তুত আছেন, তাঁরা আদালতের কার্যক্রম বাংলা থেকে ইংরেজিতে কিংবা ইংরেজি থেকে বাংলায় ভাষান্তর করে দেবেন। মোহাম্মদ ইসমাইলের আইনজীবী জানান, তাঁর মক্কেল ভালোই ইংরেজি বোঝেন এবং বলতে পারেন। আদালতের সিদ্ধান্ত, দোভাষী স্ট্যান্ডবাই থাকলেন। আরসিএমপির হয়ে মামলার মুখ্য তদন্ত কর্মকর্তা ইলেন ম্যাসিনোভ বক্তব্য উপস্থাপন শুরু করতেই বোঝা যায়, ঢাউস সাইজের তিনটি বাইন্ডার আসলে তাঁদের তদন্ত প্রতিবেদন আর অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ। ইলেনের বক্তব্য উপস্থাপনের ধরনটাও যেন খানিকটা ভিন্ন। তিনি ঠিক বক্তব্যের মতো করে অভিযোগ উপস্থাপনের গতানুগতিক ধারায় গেলেন না। শুরুটা করলেন আসলে ক্রাউনই। একের পর এক প্রশ্ন করতে শুরু করলেন ক্রাউন। আর সেই প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়েই উপস্থাপিত হতে থাকল এসএনসি লাভালিনের হয়ে বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পের কাজ বাগিয়ে নিতে সাবেক দুই কর্মকর্তার নানা তৎপরতার চিত্র। আদালত কক্ষে সমবেত লোকগুলো পিনপতন নিস্তব্ধতায় শুনতে থাকে ইলেনের বিবরণ।খানিকটা সময় নেন ক্রাউন। অনুচ্ছেদ ধরে ধরে কয়েকটি দলিল উপস্থাপন করতে বলেন তিনি। এবার সবার চোখ স্থির হয়ে যায় বিচারকের পাশে থাকা ঢাউস মনিটরটার দিকে। একের পর দলিল উপস্থাপন করেন তিনি, মনিটরের পর্দায় দলিলটাকে স্থির রেখে তার কার্যকারণ ব্যাখ্যা করে যান ইলেন।মোহাম্মদ ইসমাইলের আইনজীবী ক্যাথলিন ওয়েলসও প্রস্তুত হয়েই এসেছিলেন। ইলেনের বক্তব্য উপস্থাপনের পর তিনি জেরা করতে শুরু করেন। মাঝখানে কিছুটা বিরতি দিয়ে দুইটা পর্যন্ত চলে প্রথম দিনের শুনানি। গত মঙ্গল ও বুধবার টানা শুনানি চলেছে, চলেছে যুক্তিতর্ক এবং ঘটনার সঙ্গে কিংবা অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট এসএনসি লাভালিনের কয়েকজন কর্মকর্তাকে জেরা। তাঁদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন কর্মকর্তাও আছেন। ১৯ এপ্রিল পর্যন্ত টানা চলবে শুনানি। তার পরই বিচারক তাঁর সিদ্ধান্ত জানাবেন। অন্টারিও কোর্ট অব জাস্টিসের আদালতে এই শুনানি মূলত মামলাটির ভাগ্য নির্ধারণের প্রাথমিক শুনানি। ঘুষ দিয়ে কাজ পাওয়ার চেষ্টার দায়ে এসএনসি লাভালিনের সাবেক এই দুই কর্মকর্তার বিচারের জন্য মামলাটি জুরিদের কাছে যাবে, নাকি তাঁরা অভিযোগ থেকে রেহাই পাবেন, সেটি নির্ধারণ করতেই শুনানি চলছে এখন।