মামলার ব্যয় সরকার বহন করবে, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চলাকালে এর ব্যয়ভার বহন করবে সরকার। তবে কোনো কর্মকর্তা মামলায় দোষী সাব্যস্ত হলে সরকারকে ওই টাকা ফেরত দিতে হবে। এই বিধান রেখে আদালত অবমাননা বিল চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য নুরুল ইসলাম (সুজন) প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। বিলটি সংসদের আগামী অধিবেশনে পাস হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ ২০১১ সালের ১৪ জুন বিলটি সংসদে উত্থাপন করেন। আদালত অবমাননা আইন ১৯২৬ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের আদালত অবমাননার ব্যয় ব্যক্তিগতভাবে বহন করতে হয়।প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আদালত অবমাননার অভিযোগে কোনো ব্যক্তিকে শুরুতেই কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রহমত আলী, খান টিপু সুলতান, জিয়াউল হক মৃধা, নূরুল ইসলাম, শেখ ফজলে নুর তাপস ও ফজিলাতুন নেসা বাপ্পি অংশ নেন। এ ছাড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক এবং আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বৈঠকে অংশ নেন।