সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফায়াত সোবহান সানবীরসহ পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া বাকি আসামিরা হলেন: বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক সামছুদ্দিন আহমেদ, খায়রুল হাসান ওরফে উজ্জ্বল, হুমায়ুন কবির ও নুরে আলম। রায় ঘোষণার সময় উজ্জ্বল ও সামছুদ্দিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সানবীরসহ বাকি তিনজন শুরু থেকেই পলাতক ছিলেন।রায়ের প্রতিক্রিয়া জানিয়ে মামলার বাদী এ এস এম আসিফ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম এই আদালতে বিচার পাব না। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’ তিনি বলেন, বিচার শুরু হওয়ার পর পুলিশ বলেছিল, পাপিয়া ও রাত্রিকে পাওয়া গেছে। তাঁরা সাক্ষ্য দেবেন। তখন রাষ্ট্রপক্ষ ও আইনজীবীরা তাঁদের সাক্ষ্য গ্রহণ করতে অনাগ্রহ দেখান। পরে পাপিয়া ও রাত্রির সন্ধান পাওয়া যায়নি।রাষ্ট্রপক্ষের সরকারি বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রত্যক্ষদর্শী দুই সাক্ষীকে হাজির করতে আদালত থেকে একাধিকবার সমন দেওয়া হয়। কিন্তু তাঁদের হদিস পাওয়া যায়নি বলে পুলিশ আদালতকে জানিয়েছে। আদালতের রায়ে বলা হয়, বিচারকালে রাষ্ট্রপক্ষ ৩০ জন সাক্ষী উপস্থাপন করে। তাঁদের মধ্যে কেউ প্রত্যক্ষদর্শী নন। শুধু নিহত সাব্বিরের ভগ্নিপতি এস এম আসিফ ও মা-বাবা পরস্পরকে সমর্থন করে সাক্ষ্য দিয়েছেন। তাঁরা বলেছেন, ব্যবসায়িক কারণে সাব্বিরকে পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে আসামিরা হত্যা করেছেন।রায়ে বলা হয়, প্রত্যক্ষদর্শী সাক্ষী সাদিয়া আক্তার ওরফে রাত্রি ও পাপিয়া গাইন এ মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তাঁরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি দিয়েছেন। তাঁরা হয়তো আত্মসম্মানের ভয়ে আদালতে আসেননি। তাই হয়তো রাষ্ট্রপক্ষ তাঁদের হাজির করতে ব্যর্থ হয়েছে। কিন্তু রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণের ক্ষেত্রে দুর্বল সাক্ষ্য উপস্থাপন করেছে। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামিদের বেকসুর খালাস দেওয়া হলো।বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই রাতে গুলশানের একটি বাসায় খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। সানবীর ২০০৬ সালের ৫ জুলাই তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহায়তায় দেশ ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ আছে। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। তখন তিনি রিমান্ডে স্বীকার করেন, বসুন্ধরার মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। এই টাকার মধ্যে ২০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতও দেন বাবর।