মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে এসিডে ঝলসে গেলেন তরুণী
মামলার সাক্ষ্য দিতে গিয়ে দুর্বৃত্তদের ছোড়া এসিডে এক তরুণীর (২৬) মুখ ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর রেলবাগান পাড়ার কাছে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ওই তরুণী অভিযোগ করেছেন, মামলার আসামিপক্ষ তাঁর ওপর এসিড ছুড়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোলাহাট উপজেলার মুসরিভুজা স্বর্ণকারপাড়ার ওই তরুণী তাঁর দায়ের করা একটি মামলায় সাক্ষ্য দিতে জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এ যাচ্ছিলেন। তিনি সকাল নয়টার দিকে শহরের আলীনগর রেলগেটের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এসিডের অসহনীয় যন্ত্রণায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকেন। পরে স্থানীয় লোকজন দ্রুত এসে তাঁর শরীরে পানি ঢালে এবং অজ্ঞান অবস্থায় তাঁকে সদর হাসপাতালে নিয়ে যায়।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা অসিত কুমার রায় জানান, তরুণীর শরীরে এসিড ছোড়া হয়েছে। এতে তাঁর মুখমণ্ডলের তিন-চতুর্থাংশ ঝলসে গেছে।স্থানীয় লোকজন, মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার চৌকা মনাকষা গ্রামের প্রেম কুমার, তাঁর খালাতো ভাই দিলীপ কর্মকার ও তাঁদের সহযোগী উজ্জ্বল কর্মকার গত বছরের ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধারালো অস্ত্রের মুখে ওই তরুণীকে অপহরণ করেন। পরে দিলীপের বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিন পর প্রেম কুমার ও ওই তরুণীকে আটক করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।কিছুদিন পর প্রেম কুমার ও ওই তরুণী জামিনে মুক্তি পেলে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য একই বছরের ৫ মে এলাকায় সালিস বৈঠক বসানো হয়। সালিসে প্রেম কুমার অপরাধ স্বীকার করে ৭ জুলাই তরুণীকে বিয়ে করার অঙ্গীকার করেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী ভোলাহাট থানায় মামলা করতে যান। থানার পুলিশ মামলা না নিলে পরে প্রেম কুমার, দিলীপ কুমার ও উজ্জ্বল কর্মকারকে আসামি করে জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এ মামলা করেন তরুণী।গতকাল সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম প্রথম আলোকে জানান, দুপুরে ওই তরুণীর জ্ঞান ফিরলে তিনি পুলিশকে জানান, প্রেম কুমার তাঁর ওপর এসিড ছুড়েছেন। প্রেম কুমারের সঙ্গে ছিলেন দিলীপ, উজ্জ্বলসহ আরও দু-তিনজন। এসআই আরও জানান, এসিড-সন্ত্রাসের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।