মামলায় ফাঁসলেন ম্যাডোনা
গত মাসে বাজারে এসেছে ‘পপ কুইন’ ম্যাডোনার নতুন সুগন্ধি ‘ট্রুথ অর ডেয়ার’। এতে ব্যবহূত ‘এম’ লোগোটি চুরি করা বলেই দাবি করেছেন অস্ট্রেলিয়ান চিত্রশিল্পী আর জে উইলিয়ামস। শুধু তা-ই নয়, এই অভিযোগে ম্যাডোনার বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন ৩২ বছর বয়সী এই শিল্পী।এ প্রসঙ্গে উইলিয়ামসের উদ্ধৃতি দিয়ে সানডে টেলিগ্রাফ জানিয়েছে, ‘ম্যাডোনার নতুন সুগন্ধিতে যে লোগো ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে আমার আঁঁকা একটি চিত্রকর্মের হুবহু মিল রয়েছে। আট বছর ধরে এই লোগোটি বিভিন্ন পোশাকে ব্যবহার করা হচ্ছে। গত বছর লোগোটির ট্রেডমার্কও করিয়েছি আমি। আইন অনুযায়ী আমার অনুমতি ছাড়া এটা ব্যবহার করার অধিকার কারও নেই।’উইলিয়ামস বলেছেন, ‘ম্যাডোনার ট্রুথ অর ডেয়ার সুগন্ধির প্রচারাভিযান দেখার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার বন্ধুরা আমাকে ফোন করে বিরক্তি প্রকাশ করেছেন। কারণ তাঁরা জানেন, লোগোটি আমার আঁঁকা। একটি বহুজাতিক কসমেটিকস কোম্পানি এটা ব্যবহার করছে—বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। মূলত শিল্পীসমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই মামলা করেছি। এতে আমার পাশে থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমার বন্ধুরা।’এদিকে জানা গেছে, গত সপ্তাহে ম্যাডোনার প্রতিনিধি গাই ওসিয়ারির কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন উইলিয়ামস। সেখানে ৫৩ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগ তুলে অবিলম্বে তা বন্ধের অনুরোধ করা হয়েছে। শুধু তা-ই নয়, এখন পর্যন্ত এই সুগন্ধি বিক্রি থেকে যে লাভ হয়েছে, তার পুরোটাই উইলিয়ামসকে দিয়ে দিতে বলা হয়েছে। ভবিষ্যতে তাঁর আঁঁকা লোগোটি ব্যবহার করতে চাইলে লাইসেন্স করতেও অনুরোধ করা হয়েছে।’