অবশেষে দুই সাবেক মন্ত্রীকে বাদ দিয়েই পদ্মা সেতুর দুর্নীতি ষড়যন্ত্রের মামলা করল দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বনানী থানায় দুপুরে বাদী হয়ে মামলাটি করেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান আবদুল্লাহ আল জাহিদ। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে ১০ জনের নাম থাকলেও মামলা করা হয়েছে সাতজনের বিরুদ্ধে। বাদ পড়েছেন বর্তমান সরকার দলের সঙ্গে সম্পৃক্ত তিনজন। এঁরা হলেন: সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং সরকারি দলের হুইপ লিটন চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী। আর মামলা করা হয়েছে সরকারি তিন কর্মকর্তা এবং কানাডার প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের চারজনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে তিনজনই বিদেশি নাগরিক।কয়েক দিন ধরেই মামলায় সাবেক যোগাযোগমন্ত্রীর নাম না থাকার বিষয়টি নিয়ে জল্পনাকল্পনা ছিল। সরকারের চাপে দুদক তাঁর নাম বাদ দিচ্ছে বলেও আলোচনা ছিল। শেষ পর্যন্ত বাদ দেওয়া হলো রাজনৈতিক প্রভাবশালীদের।দুদকের মামলায় এখন আসামি হচ্ছেন: সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সেতুর নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস, সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা।মামলার এজাহারে বলা হয়েছে, ‘একে অপরকে আর্থিক লাভবান করার অসৎ অভিপ্রায়ে অপরাধমূলক অসদাচরণ ও বিধিবিধান ভঙ্গ করে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম তারা পরিচালনা করেছে। এর মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণকাজে নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগের ক্ষেত্রে অন্যতম দরদাতা এসএনসি-লাভালিন ইন্টারন্যাশনাল ইনকরপোরেটকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা তারা করেছে। এই কাজ দণ্ডবিধির ১৬১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী অপরাধ করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র। এ ধরনের ষড়যন্ত্র দণ্ডবিধির ১২০(বি) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।’ এজাহারে আরও বলা হয়েছে, ‘নির্মাণ তদারকি পরামর্শক হিসেবে এসএনসি-লাভালিন কার্যাদেশ পেলে ঘুষ লেনদেন সম্পন্ন হতো।’এজাহারে সাবেক দুই মন্ত্রী সম্পর্কে বলা হয়েছে, ‘ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনাসংক্রান্ত অপরাধ সংঘটনে আবুল হাসান চৌধুরী ও সৈয়দ আবুল হোসেনের ভূমিকা রাখার বিষয়ে অনুসন্ধানের সময় সাক্ষীদের সাক্ষ্য ও পরিপূরক সাক্ষ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে এই দুজনের অপরাধ সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তকালে খতিয়ে দেখা হবে।’মামলা দায়ের শেষে গতকাল বিকেলে দুদক কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অনুসন্ধান দলের প্রধান ও জ্যেষ্ঠ উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ বলেন, ‘সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সন্দেহভাজন হিসেবে এজাহারে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো মেলেনি।’ তবে তিনি দাবি করেন, ‘তাঁদেরকে দুদকের পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। কানাডার আদালতে জব্দ আলামত হিসেবে রাখা রমেশের ডায়েরির অনুলিপি পেলেই তাঁদেরকে অভিযোগপত্রে আসামি হিসেবে উল্লেখ করা যাবে।’দুদকের এই মামলা দায়ের মূলত বিশ্বব্যাংকর শর্ত পূরণের অংশ হিসেবে করা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিশ্বব্যাংক প্রধান দাতা হিসেবে পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছিল গত ২৯ জুন। এরপর সরকার শর্তপূরণের অঙ্গীকার করলে তারা প্রকল্পে ফিরে আসে ২০ সেপ্টেম্বর। এ ক্ষেত্রে চার শর্তের মধ্যে অন্যতম ছিল, দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আর তদন্ত বিশ্বাসযোগ্য হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক একটি বিশেষজ্ঞ দল। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বধীন এই দলটি দুই দফা বাংলাদেশ সফর করেছে। সর্বশেষ ৫ ডিসেম্বর ক্ষুব্ধ হয়েই চলে যায় বিশেষজ্ঞ দলটি। মামলায় আবুল হোসেনের নাম থাকা নিয়েই দুদক ও বিশেষজ্ঞ দলটির মধ্যে মতৈক্য হয়নি বলে জানা যায়। এর তিন দিন পর বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘কেবল পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করলেই বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে অগ্রসর হবে।’ বিশ্বব্যাংক আরও মনে করিয়ে দেয় যে, তারা দুর্নীতির বিষয়ে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য-প্রমাণও দিয়েছে। এর পরই দুদকের পক্ষ থেকে বলা হয়, অনুসন্ধানী প্রতিবেদন চূড়ান্ত করে তারা মামলা করে বিশ্বব্যাংকের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাবে। সে অনুযায়ী গতকাল মামলা করল দুদক। তবে সাবেক যোগাযোগমন্ত্রীকে বাদ দিয়ে মামলায় বিশ্বব্যাংক সন্তুষ্ট হবে কি না, তা গতকাল আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, দুর্নীতির ষড়যন্ত্রের সুনির্দিষ্ট প্রমাণ দেওয়ার পরেও সৈয়দ আবুল হোসেনকে ছাড় দেওয়ার জন্য দুদকের সুপারিশ বিশ্বব্যাংক গ্রহণ করেনি। বিশেষজ্ঞ দলটি দুদককে বলে দিয়েছে, তদন্তে যাঁদের নামই আসবে, সবার বিরুদ্ধে সমান ব্যবস্থা নিতে হবে। কাউকেই বিশেষ বিবেচনায় ছাড় দেওয়া যাবে না। সূত্র জানায়, মামলা করার পর সার্বিক পরিস্থিতি জানানো হবে বিশ্বব্যাংককে। এতে তারা সন্তুষ্ট কি না, তা জানাবে বিশেষজ্ঞ দলটি। এর পরই পদ্মা সেতুর অর্থায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রায় ৩০০ কোটি ডলারের এই সেতুর জন্য বিশ্বব্যাংকের দেওয়ার কথা ১২০ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৬০ কোটি ডলার এবং জাপানের উন্নয়ন সংস্থা জাইকার ৪৫ কোটি ডলার। সবকিছুই এখন নির্ভর করছে বিশ্বব্যাংকের সিদ্ধান্তের ওপর। এদিকে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বলেছেন, দুর্নীতির ষড়যন্ত্রের মামলা হয়েছে, এবার পদ্মা সেতুও হবে। রাজধানীর এলজিইডি মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় মামলা থেকে সৈয়দ আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরীর নাম কীভাবে বাদ পড়ল, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমাকে জিজ্ঞেস করছেন কেন, দুদককে গিয়ে জিজ্ঞেস করুন।’এর আগে গত নভেম্বর মাসে দুদকের অনুসন্ধানে সহযোগিতা দেওয়ার জন্য বিশ্বব্যাংক দুদককে দুর্নীতির ষড়যন্ত্রের বিভিন্ন তথ্য-প্রমাণ দেয়। সেই সব প্রমাণ নিয়ে কখনো মুখ খোলেনি দুদকের কেউ। তবে গতকাল দুদকের এজাহারে দুর্নীতির ষড়যন্ত্রের যে বিবরণ দেওয়া হয়েছে, তার প্রমাণ হিসেবে সেতু বিভাগের কর্মকর্তাদের বেশ কিছু ই-মেইল বার্তার কথা উল্লেখ রয়েছে। এসব ই-মেইল বার্তায় এসএনসি-লাভালিনকে কাজ পাইয়ে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্রের প্রমাণ রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ই-মেইল বার্তাই প্রমাণ হিসেবে দিয়েছে বিশ্বব্যাংক। ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের জন্য এসএনসি-লাভালিনের কর্মকর্তা রমেশ শাহর ডায়েরি ও কম্পিউটার জব্দ করেছিল কানাডার পুলিশ। রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে বিচার-প্রক্রিয়া চলছে কানাডায়। এ ছাড়া রমেশ শাহর ডায়েরিতে কাজ পাওয়ার পর কাকে কী পরিমাণ অর্থ ঘুষ দেওয়া হবে, সে তালিকাও রয়েছে। এই তালিকায় সাবেক যোগাযোগমন্ত্রীর নাম রয়েছে। আর এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের সাবেক যোগাযোগমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আবুল হাসান চৌধুরী এবং নিক্সন চৌধুরী। এই তিনজনের নামই মামলায় নেই। দুদকের মামলায় তিনজন বিদেশির নাম রয়েছে। তাঁদের মধ্যে রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে কানাডাতেই বিচার চলছে। কানাডার পুলিশ এই দুজনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগে মামলা করেছে। তৃতীয় ব্যক্তিটি হচ্ছেন কেভিন ওয়ালেস। তাঁর বিরুদ্ধে কানাডার পুলিশও অভিযোগ আনেনি। কেভিন ওয়ালেস প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। এসএনসি-লাভালিন নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনের জন্য নিউক্লিয়ার রি-অ্যাক্টর তৈরি ও সরবরাহে একটি নতুন কোম্পানি খুলেছে। ক্যানডু এনার্জি নামের সেই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এখন কেভিন ওয়ালেস। দুদক তাঁর বিরুদ্ধেও মামলা করেছে। এই নামটি কানাডায় যথেষ্ট আলোড়ন তৈরি করবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে। দুদকের সংবাদ সম্মেলন: গতকাল বিকেলে দুদক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অনুসন্ধান দলের প্রধান আবদুল্লাহ আল জাহিদ বলেন, বাংলাদেশে প্রাপ্ত তথ্যাদি দিয়েই এত দিন অনুসন্ধান করা হয়েছে। তাঁর ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। প্রাপ্ত তথ্য ও বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে পাওয়া মৌখিক সাক্ষ্য দিয়ে অনুসন্ধানকাজ করা হয়েছে। শিগগিরই দুদক এ মামলার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তে নামবে। তখন দুদকের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় বিভিন্ন আইনি এখতিয়ার বা অধিকার প্রয়োগ করে বিভিন্ন নথির মূল কপি জব্দ বা বিদেশ থেকে তথ্য বা দালিলিক প্রমাণ আনার বিষয়ে জোর দেবে দুদক।সেতু বিভাগের সাবেক সচিবসহ সাতজনকে আসামি করার বিষয়ে আবদুল্লাহ আল জাহিদ বলেন, বাংলাদেশে প্রাপ্ত তথ্য এবং ২০১০-১২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁদের মধ্যকার ই-মেইলে চিঠির বিষয়ে ষড়যন্ত্রের বিষয়টি প্রমাণিত। ওই সব তথ্য থেকে ইতিমধ্যে প্রতিভাত হয়েছে, ওই সাতজন ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত। তিনি আরও জানান, দরপত্র মূল্যায়ন কমিটি বারবার ভাঙা-গড়ার সঙ্গে সেতু বিভাগের সাবেক সচিব সরাসরি যুক্ত ছিলেন। কারণ, গণখাতে ক্রয় আইন অনুযায়ী, এসব কমিটির দায়ভার সচিবের ওপর বর্তায়, এ ক্ষেত্রে যোগাযোগমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হয় না। বিশ্বব্যাংকের চাহিদা কতটুকু পূরণ হলো—প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল জাহিদ বলেন, ‘বিশ্বব্যাংক ও দুদক উভয় পক্ষই চায়, সবকিছুর বিনিময়ে পদ্মা সেতুর বাস্তবায়ন হোক। তাই বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। একই সঙ্গে উভয় পক্ষই একটি ষড়যন্ত্রের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছি।’সবশেষে আবদুল্লাহ আল জাহিদ জানান, দুদকের নিয়মানুযায়ী তদন্তের জন্য সর্বোচ্চ ৬০ কর্মদিবস সময় পাওয়া যায়। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।