মামাবাড়ি যাবেন না আর
‘শোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি/ তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি/ আইজ কেনে হইলে নীরব মেল দুটি আঁখি।’ গতকাল শুক্রবার সকালে একটি টেলিভিশন চ্যানেলে গানটি সম্প্রচার করা হয়। আর পর্দায় ভেসে ওঠে সদ্য প্রয়াত হুমায়ূন আহমেদের ছবি। এই দৃশ্য দেখে তাঁর মামা তোফাজ্জল হোসেন শেখ হাউমাউ করে কেঁদে ওঠেন।নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর শেখবাড়ি। এটি জনপ্রিয় এই কথাসাহিত্যিকের মামার বাড়ি। এই বাড়িতে নিজের ঘরে বসে সকাল সাড়ে ১০টার দিকে টেলিভিশন দেখছিলেন হুমায়ূন আহমেদের মায়ের চাচাতো ভাই তোফাজ্জল হোসেন (৬৭)।ভাগনে হারানোর শোকে বিহ্বল তোফাজ্জল বলেন, ‘এই গানের সাথে হুমায়ূন মিশে আছে। সে নেত্রকোনার লোকসংস্কৃতিকে মানুষের কাছে নিয়ে গেছে। জনপ্রিয় করে তুলেছে। কোনো দিক হেঁটে গেলে মানুষ আমারে দেখায়ে বলছে, “ওই হুমায়ূন আহমেদের মামা যাইতাছে”। এর চেয়ে গর্বের আর কী আছে! উপযুক্ত ভাইগনার পরিচয় দিয়েছে সে। শত ডাকাডাকি করলেও আর চোখ মেলবে না সে। মামার বাড়িও আসবে না।’তিনি আরও বলেন, ‘হুমায়ূন আমার ভাইগনা হইলে কী হবে, সে ছিল আমার সহপাঠী। যদিও সে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে। এখানে আসলে আমাদের সাথে ইশকুলে যাইত। এই বাড়িতে বসেই হঠাৎ একদিন নাটকটি লিখছে। তার লেখা সব বই আমি পড়ি নাই। কিন্তু প্রায় সব কয়টা নাটক দেখছি। আমার ভাইগনা আর নাটক লিখবে না।’হুমায়ূন আহমেদের মামা মোহনগঞ্জ পৌরসভার মেয়র মাহবুবুর নবী শেখ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে চলে আসি। ইন্টারনেটে যোগাযোগ হচ্ছিল। আশঙ্কা করছিলাম কী জানি কী হয়। রাতেই খবর পেয়েছি। ওর মৃত্যুতে আমরা হতবিহ্বল হয়ে পড়েছি। হুমায়ূনের সঙ্গে অসংখ্য স্মৃতি আমার মাথায় ভিড় করছে। কয়টা বলব। আমাদের যেকোনো বিপদে-আপদে এগিয়ে আসত সে। পারিবারিক অনুষ্ঠানে সুযোগ পেলেই চলে আসত। আমার ভাগনে মামার বাড়ি বেড়াতে আর আসবে না।’