মামুন হত্যার ঘটনায় ভাইয়ের মামলা, গ্রেপ্তার ৪
গাজীপুরে পুলিশের হেফাজত থেকে বালু ব্যবসায়ী মো. মামুন ভূঁইয়াকে ছিনিয়ে নিয়ে খুনের ঘটনায় মোক্তারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাতে একটি মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতেই ওই ইউপি চেয়ারম্যানের দুই ভাইসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চেয়ারম্যানের ছোট ভাই মো. কাওসার সরকার (৩৬) ও মো. ইরান সরকার (৩২), গ্রাম পুলিশ শ্যামল সরকার (৩৫) এবং নিবাস মণ্ডল (৩০)। এর মধ্যে ইরান মামলার এজাহারভুক্ত আসামি।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, মামুন হত্যার ঘটনায় গতকাল রাত ১২টার দিকে তাঁর বড় ভাই নাজমুল হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলা করেছেন। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম ও সাবেক সদস্য আবদুল হেকিম ফরাজিসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় ওই খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হোসেনকে প্রধান করে তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আবুল খায়ের।গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন জানান, আগামী সাত দিনের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে কথা বলা হয়েছে।গত মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানা-পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মামুনকে খুন করে ও কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গোপাল মাস্টারের পুকুরের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।এ ঘটনায় গতকাল সকালে কালীগঞ্জ থানার এসআই নৃপেণ চন্দ্র দেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ওই এসআই গত বুধবার রাতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।