বিদেশে অর্থ পাচার মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। স্থগিতাদেশটি প্রত্যাহার করার জন্য মামুনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত এবং তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুর ১২টায় প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির একটি বেঞ্চ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদী হয়ে ২০০৯ সালের ২৬ অক্টোবর অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে ঢাকা সেনানিবাস থানায় গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে তাঁর বিরুদ্ধে ২১ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা পাচারের অভিযোগ আনা হয়। এই মামলায় এ বছরের ২৮ জানুয়ারি হাইকোর্ট তাঁকে জামিন দেন। জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের জন্য সরকারপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩১ জানুয়ারি চেম্বার বিচারপতি জামিন মঞ্জুর করে হাইকোর্টের রায় স্থগিত করেন। সে সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ইতিমধ্যে জামিন স্থগিতের আদেশ প্রত্যাহারের জন্য গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে আপিল বিভাগের কাছে আবেদন করা হয়। এ ছাড়া সরকারপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের আবেদন করে। আজ সকালে এ দুটি আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে সরকারপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে ছিলেন আনিসুল হক ও গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন রফিকুল হক।