মামুনের দুই কারখানার গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে গড়ে তোলা কারখানা ওয়ান ডেনিম লিমিটেড এবং ওয়ান স্পিনিং লিমিটেডের গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের উপস্থিতিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানা দুটির ব্যবস্থাপনা পরিচালক আলোচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু। এক-এগারোর সময় গ্রেপ্তার হওয়ার পর এখনো বিভিন্ন মামলায় মামুন কারাগারে আটক আছেন। গত শনিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অপরাধে কারখানা দুটিকে চার কোটি ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা কর্তৃপক্ষ ওই দিন জরিমানার প্রথম কিস্তি বাবদ এক কোটি ৫১ লাখ টাকা পরিশোধের লিখিত অঙ্গীকার করে। অঙ্গীকার অনুযায়ী জরিমানার টাকা পরিশোধ না করায় গতকাল গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্রবিহীন বেআইনি কারখানায় গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কোনো বিধান নেই। ভাওয়াল জাতীয় উদ্যানের আড়াইশ প্রসাদ মৌজা নামের ‘কোর’ এলাকায় সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওয়ান ডেনিম লিমিটেড নামের একটি ডায়িং এবং ওয়ান স্পিনিং কারখানা নির্মাণ করায় জাতীয় উদ্যানের বন্য প্রাণী, বৃক্ষরাজি, পশুপাখির আবাস ইত্যাদি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। জাতীয় উদ্যানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সরকারি জমি কিংবা ব্যক্তিমালিকানাধীন জমিতে শুধু কলকারখানাই নয়, ঘরবাড়ি নির্মাণও নিষিদ্ধ। রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের দক্ষিণে ভাওয়ালের সংরক্ষিত এলাকায় বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে ২০০৫-০৬ সালে এই কারখানা দুটি স্থাপন করা হয়। স্থাপনের পর ছাড়পত্র চাইলে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিতে রাজি হয়নি।গত শনিবার ৮ দশমিক ৭৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত ওয়ান ডেনিম লিমিটেডকে এক কোটি ৭৫ লাখ এবং ১৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত ওয়ান স্পিনিং মিলস লিমিটেডকে দুই কোটি ৬০ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া ইটিপি পরিচালনায় ত্রুটি ও অনিয়মের অপরাধে ওয়ান ডেনিম লিমিটেডকে পৃথকভাবে ১৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৯৯৯ সালের ২২ নভেম্বর ভাওয়াল জাতীয় উদ্যানের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ওই উদ্যানের চৌহদ্দির মধ্যে অবস্থিত আড়াইশ প্রসাদ, বনখড়িয়া, বিশয়াকুড়িবাড়ি, বারইপাড়া, উত্তর সালনা, বাউপাড়া, বাহাদুরপুর ও মোহনাভবানীপুর মৌজার ব্যক্তি মালিকানাধীন বা সরকারি জমিতে ঘরবাড়ি, দালানকোঠা, কলকারখানা ও অন্যান্য স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হয়। বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ আইন, ১৯৭২ এর ২৩(৩) ধারা অনুসারে ১৯৮২ সালের ১১ মে ভাওয়ালকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এই এলাকায় বন্য প্রাণী ধরা কিংবা ক্ষতি, বৃক্ষের বা বনভূমির ক্ষতি, পরিবেশদূষণ বা ধ্বংস, পানিদূষণ ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নিষেধাজ্ঞা জারি রয়েছে। তা সত্ত্বেও বনের বুক চিরে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রায় ২২ একর জায়গা জুড়ে এই কারখানা দুটি নির্মাণ করা হয়।