মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন
অবৈধভাবে বিদেশে অর্থ লেনদেনের মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজ্জাম্মেল হোসেইন আজ বুধবার এ অভিযোগ গঠন করেন। আগামী ১৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগে কারাগার থেকে মামুনকে আদালতে হাজির করা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।২০১১ সালের ২২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এম শাহজাদ আলী রেলওয়ের সিগন্যালিং আধুনিকীকরণের কাজ পান। কিন্তু কার্যাদেশ চূড়ান্ত করার সময় মামুন তাঁর কাছে অবৈধ কমিশন দাবি করেন। তা না দিলে কার্যাদেশ বাতিল করার হুমকি দেন।এজাহারে বলা হয়, মামুন ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে রেলওয়ের সিগন্যালিং আধুনিকীকরণের কার্যাদেশ বাতিলের হুমকি দিয়ে আদায় করা প্রায় ছয় কোটি এক লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা কমিশন কয়েক দফায় বাংলাদেশ থেকে লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করেন।ঘটনাটি তদন্ত করে গত ২৯ এপ্রিল দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩০ জানুয়ারি গ্রেপ্তার হন মামুন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা হয়।