মামুনের বিরুদ্ধে আরেকটি অর্থ পাচার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচারের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে বাংলাদেশি মুদ্রা মানে অন্তত পাঁচ কোটি টাকা ব্রিটেনে পাচারের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে কয়েক দফায় বাংলাদেশ থেকে চার লাখ ১৮ হাজার ৮৫৩ ব্রিটিশ পাউন্ড ব্রিটেনে পাচার করেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। তাতে আরও বলা হয়, চারদলীয় জোট সরকারের সময় একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ পাচার করা করেন মামুন।এর আগে ২০০৯ সালের ২৬ অক্টোবর গিয়াস উদ্দিন আল মামুন ও তারেক রহমানের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগ এনে মামলা করে দুদক। তদন্ত শেষে গত ৬ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। বর্তমানে এটি বিচারাধীন।বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের ভাই মামুন। এরপর তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা হয়। কয়েকটি মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তিনি এখনো কারাবন্দী রয়েছেন।