মামুনের হিসাব থেকে সরানো টাকা খরচ করেন তারেক
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা লাপ্রেভট। সাক্ষ্যে তিনি বলেন, মামুনের হিসাব থেকে তারেক রহমানের হিসাবে পাঠানো টাকা তারেক ভিসা কার্ডের মাধ্যমে তুলে বিদেশ সফর, কেনাকাটা ও চিকিৎসার কাজে খরচ করেন।গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ তিনি এ সাক্ষ্য দেন।সাক্ষ্যের শুরুতেই ডেবরা বলেন, তিনি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে নয় বরং আদালতের সমন পেয়ে এসেছেন। তবে তিনি সাক্ষ্য দিতে দাঁড়াতেই মামুনের আইনজীবীরা অনাস্থা জানিয়ে আদালত বর্জন করেন।এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে অভিযোগ করেন, সরকার তারেক রহমানকে ফাঁসাতে চাইছে। এ জন্য বিদেশ থেকে ভাড়া করে সাক্ষী এনেছে। দেশে যাঁদের সাক্ষী করা হয়েছে, তাঁরা এই মামলাকে মিথ্যা বলেছেন। তাই এখন বিদেশ থেকে সাক্ষী আনতে হচ্ছে।যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তা ডেবরা সকালে সাক্ষ্য দিতে আদালতে যান। মামুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারেককে পলাতক দেখিয়ে গত ৮ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। শুনানির শুরুতে মামুনের আইনজীবী ফখরুল ইসলাম ডেবরার সাক্ষ্য না নিতে আবেদন জানিয়ে আদালতকে বলেন, সাক্ষীর ঠিকানা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। মঙ্গলবার তাঁকে আদালত সমন দেন। পরদিনই তিনি কীভাবে সাক্ষ্য দিতে এলেন? তিনি বলেন, সমন যথাযথভাবে জারি হয়নি। এই মামলায় অভিযোগপত্রভুক্ত ১৮ জন সাক্ষীর একজনের সাক্ষ্য শেষ হয়েছে। বাকি ১৭ জনের সাক্ষ্য না নিয়ে তাঁর (ডেবরা) সাক্ষ্য নেওয়া হলে তা হবে বেআইনি।জবাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪০ ধারা অনুযায়ী আদালত যেকোনো ব্যক্তিকে যেকোনো পর্যায়ে ন্যায়বিচারের স্বার্থে ডাকতে পারেন। বাংলাদেশের অনুরোধেই মার্কিন কর্তৃপক্ষের নির্দেশে ডেবরা তদন্ত করেছেন। তাই তাঁর সাক্ষ্য প্রাসঙ্গিক।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এফবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই অনুসন্ধান করে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে দুদক এই মামলা করে। তাই ডেবরার সাক্ষ্য গুরুত্বপূর্ণ। এরপর আদালত আসামিপক্ষের আবেদন নাকচ করে ডেবরাকে সাক্ষ্য দিতে বলেন। ডেবরা সাক্ষ্য দিতে দাঁড়ালে আসামিপক্ষের আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানিয়ে এজলাস কক্ষ থেকে বেরিয়ে আসেন।সাক্ষ্যে এফবিআই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া একটি সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের আগে বিদেশে অর্থ পাচার ও অবৈধভাবে লেনদেনের বিষয়ে তদন্ত করতে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়। এর ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার এফবিআইকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেয়। তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না—এ মর্মে বাংলাদেশের নিশ্চয়তা পেয়ে মার্কিন সরকার মানি লন্ডারিংয়ের বিষয়টি তাঁকে তদন্ত করতে বলে।ডেবরা বলেন, তদন্তকালে তিনি বিদেশে অর্থ পাচার ও অবৈধ লেনদেন করেছেন—বাংলাদেশের এমন কয়েকজন ব্যক্তির বিষয়ে তথ্য পান। এঁদের মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন সিঙ্গাপুরে সিটি ব্যাংকে নিজের পাসপোর্ট দেখিয়ে দুটি হিসাব খোলেন। ওই হিসাবের লেনদেন তদন্তকালে তারেক রহমানের বিষয়ে তথ্য পাওয়া যায়। ওই দুই হিসাবের বিপরীতে দুটি ভিসা ক্রেডিট কার্ড আছে। যাঁর একটি মামুনের, অন্যটি তারেক রহমানের। মামুন তাঁর হিসাব থেকে তারেকের হিসাবে টাকা পাঠান। সেখান থেকে তারেক ভিসা কার্ডের মাধ্যমে প্রায় ৪০ লাখ টাকা তুলে বিভিন্ন দেশ সফর, কেনাকাটা ও চিকিৎসার কাজে ব্যয় করেন। এ ছাড়া বাংলাদেশি ব্যবসায়ী খাদিজা ইসলাম সিঙ্গাপুরে ওসিবিসি ব্যাংকে তাঁর হিসাব থেকে সাত লাখ ৫০ হাজার মার্কিন ডলার টেলিগ্রাফি ট্রান্সফারের মাধ্যমে ২০০৩ সালের ১ আগস্ট মামুনের সিটি ব্যাংকের ওই হিসাবে জমা করেন। তদন্তসংক্রান্ত কাগজপত্র তিনি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠান। এসব বক্তব্যের সমর্থনে ডেবরা কাগজপত্র আদালতে উপস্থাপন করেন।সাক্ষ্য শেষে বিচারক মোজাম্মেল হোসেন আসামি মামুনের কাছে জানতে চান, তিনি বা তাঁর আইনজীবী সাক্ষীকে জেরা করবেন কি না? এ সময় উপস্থিত মামুনের এক আইনজীবী জাহিদুল ইসলাম একটি দরখাস্ত দিয়ে বলেন, আদালতের প্রতি তাঁদের আস্থা নেই। তাই এই সাক্ষ্য গ্রহণের বিষয়ে তাঁরা উচ্চ আদালতে যাবেন। মামুনও জেরা করবেন না বলে জানান।আর কোনো সাক্ষী উপস্থিত না থাকায় আদালত আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।পরে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ডেবরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, দুদক তা জানার পর মঙ্গলবার দুদকের প্রধান কৌঁসুলি আনিসুল হক তাঁর সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করে বাংলাদেশে মার্কিন দূতাবাস ও ডেবরার ওয়াশিংটন ডিসির ঠিকানায় সমন জারি করেন। ওই সমন পেয়ে তিনি সাক্ষ্য দিয়েছেন।মামুনের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ডেবরা এফবিআইয়ের এজেন্ট। যেখানে বাদী জেরায় বলেছেন, মামুন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের সিটি ব্যাংকের হিসাবে এই অর্থ পাঠাননি। তারেক ও মামুন সিঙ্গাপুরে ব্যবসা করেন কি না, এ প্রশ্নের জবাবে বাদী এ বিষয়ে খোঁজখবর নেননি বলে জানান। তাহলে অর্থ পাচার হলো কোথায়? মামুন মনে করছেন, আদালত বেআইনিভাবে সাক্ষ্য নিচ্ছেন। আদালতের আচরণে আসামির মনে হয়েছে, ন্যায়বিচার পাবেন না। তাই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে তাঁরা বেরিয়ে এসেছেন।আসামিপক্ষে আরও ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মহসীন মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ। দুদক ২০০৯ সালের ২৬ অক্টোবর তারেক ও মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় অবৈধ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং আইনে এ মামলা করে। গত বছরের ২ জুলাই অভিযোগপত্র দেওয়া হয়। তারেক বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিন নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।অভিযোগপত্রে বলা হয়, তারেক নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেন। তারেকের অবৈধভাবে অর্জিত অর্থই সিঙ্গাপুরে সিটি ব্যাংকে মামুনের হিসাবে রক্ষিত ছিল।