স্কুলের ছাত্রছাত্রী ও গ্রামবাসীর সঙ্গে মিলে সাতই মার্চ, ঐতিহাসিক ভাষণ দিবস পালন করতে কাশবনে গিয়েছিলাম। দেশ এখন বিশ্বকাপ ক্রিকেটের আনন্দজোয়ারে ভাসছে। বাংলাদেশ এবার বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর অন্যতম আয়োজকই শুধু নয়, ভারত ও শ্রীলঙ্কার দাবিকে পাশে ঠেলে এবারের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটিরও আয়োজন করেছে সে। ক্রিকইনফো এক প্রতিবেদনে বলেছে, উদ্বোধনী অনুষ্ঠান এবং একে কেন্দ্র করে যে উৎসব ও উচ্ছ্বাস, তার বিবেচনায় বিশ্বকাপ ক্রিকেটের আগের কটি উদ্বোধনী অনুষ্ঠান শুধু নয়, বিশ্বকাপ ফুটবল, কমনওয়েলথ গেমস এবং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দিয়েছে ঢাকা। ক্রিকেট নিয়ে মানুষের আনন্দ ও উন্মাদনার ঢেউ ঢাকা-চট্টগ্রাম ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের গ্র্রামগঞ্জে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়লাভের পর সেই আনন্দে লেগেছে নতুন মাত্রা। জেগেছে ক্রিকেট নিয়ে নতুন প্রত্যাশা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অভাবিত ও অপ্রত্যাশিত পরাজয়ের পর, সেই আনন্দে কিছুটা ভাটার টান পড়লেও সেই আকস্মিক বিপর্যয়ের ধাক্কা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা শুরু হওয়ার আগেই কাটিয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটপ্রিয় মানুষ এবং বাংলাদেশের ক্রিকেট দল।ফুটবলের জনপ্রিয়তাকে ক্রিকেটের জনপ্রিয়তার হুমকির মুখে আগে কখনো পড়তে দেখা যায়নি। কিন্তু এখন মনে হচ্ছে, ফুটবলকে পেছনে ফেলে, বেশ কিছুটা সামনে এগিয়ে এসেছে ক্রিকেট। ফুটবল যেখানে এশিয়াতেও আমাদের গর্বের আসন স্থির করতে পারেনি, সেখানে ক্রিকেট বিশ্ব-আসরে আমাদের এনে দিয়েছে মর্যাদার আসন। নিত্যনতুন গর্বের পালক যুক্ত করে চলেছে সে তার মাথার মুকুটে। ক্রিকেটকে নিয়েই তাই স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ। আমিও তার ব্যতিক্রম নই। আমিও আছি তাদের দলে। আমিও চাইছি ক্রিকেটের প্রতি জাগ্রত ভালোবাসার অগ্নিতে কিছু ঘৃতাহুতি দিতে। সেই লক্ষ্যেই এবার বাড়ি যাওয়ার সময় আমাদের ইশকুলের ছেলেমেয়েদের জন্য দুটো ব্যাট ও দুটো টেনিস বল নিয়ে গিয়েছিলাম। বিশ্বকাপ ফুটবল চলাকালে যাদের পায়ে ফুটবল তুলে দিয়েছিলাম, এবার তাদের হাতে ধরিয়ে দিলাম ক্রিকেটের ব্যাট। ‘না চাহিতে পাওয়া’ বলেই ব্যাট আর বল পেয়ে তাদের খুশির অন্ত নেই। মেয়েরাও ভীষণ খুশি ব্যাট পেয়ে। টিফিনের ফাঁকে ফাঁকে তারাও খেলল। পরে অবশ্য মেয়েরা একসময় এসে আমাকে জানাল যে, ছেলেরা তাদের ক্রিকেট খেলায় নিচ্ছে না। ছেলেরা বলছে, মেয়েদের নাকি ক্রিকেট খেলতে নেই। আপনি কী কন?আমি আর কী কব? আরও দুটো ব্যাট এবং আরও দুটো টেনিস বল বারহাট্টা বাজার থেকে কিনে আনতে হলো মেয়েদের জন্য। আমাদের গ্রামে, কাশবন বিদ্যানিকেতনের অসম্পূর্ণ, অপরিসর মাঠে শুরু হলো প্রমীলা ক্রিকেট।কে জানে, হয়তো অদূর ভবিষ্যতে আমাদের গ্রামের কোনো ছেলে বা মেয়েই বিশ্ব ক্রিকেটের আসরে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের। সেই শুভদিনের অপেক্ষায় আসুন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে প্রদত্ত নির্দেশের অনুসরণে আমরা গ্রামে গ্রামে, স্কুলে স্কুলে ক্রিকেটের দুর্গ গড়ে তুলি।এই লেখাটি আমি যখন লিখছি, তখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ বল করছে। টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছিল সাকিব। ইতিমধ্যে তিনটি উইকেটও পড়েছে ইংল্যান্ডের। তখন পর্যন্ত ২৭ ওভারে তিন উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ১০৮ রান। রানরেট (ওভারপ্রতি ৩.৯৮) খুব ভালো বলা যাবে না। খেলাটি এখন পর্যন্ত বাংলাদেশের আয়ত্তের মধ্যে রয়েছে বলেই মনে হচ্ছে। দেখা যাক।গত শতকের দ্বিতীয় দশকে, চট্টগ্রামে ব্রিটিশরাজের অস্ত্রাগার লুণ্ঠনের জন্য মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে দুঃসাহসী সশস্ত্র অভিযানটি পরিচালিত হয়েছিল, মনে হচ্ছে আমাদের টাইগাররা সেই পথেই অগ্রসর হচ্ছে।শাবাশ বাংলাদেশ। মার ঘুরিয়ে।