মারডক ব্রিটিশ পার্লামেন্টের সামনে হাজির হচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজ করপোরেশনের মালিক রুপার্ট মারডক ও তাঁর ছেলে জেমস মারডক আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সংসদীয় কমিটির সামনে হাজির হচ্ছেন। আজ তাঁদেরকে কমিটির সামনে সদ্য বিলুপ্ত ট্যাবলয়েড নিউজ অব দি ওয়ার্ল্ডের ফোনে আড়ি পাতার কেলেঙ্কারির ঘটনায় প্রশ্নের সম্মুখীন হতে হবে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ স্থানীয় সময় বেলা আড়াটায় (গ্রিনিচ মান সময় সাড়ে ১৩টা) রুপার্ট ও জেমস মারডক পার্লামেন্টের মিডিয়া সিলেক্ট কমিটির সামনে হাজির হবেন। এর আগে আজ পৃথকভাবে কমিটির সামনে হাজির হবেন নিউজ করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস। তিনি গত শুক্রবার নিউজ করপোরেশন থেকে পদত্যাগ করেন। গত রোববার পুলিশ রেবেকাকে গ্রেপ্তার করে। অবশ্য গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে রেবেকা জামিনে মুক্তি পান। বিরোধীদের তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে ফোনে আড়ি পাতা কেলেঙ্কারির ঘটনায় পার্লামেন্টের জরুরি আলোচনায় যোগ দিতে আজ দেশে ফিরছেন। গতকাল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে পৌঁছে ক্যামেরন ফোনে আড়ি পাতা নিয়ে পুরো একটি দিন ব্রিটিশ পার্লামেন্টে আলোচনার আহ্বান জানান। ধারণা করা হচ্ছে, কাল বুধবার এ নিয়ে পুরো দিন অধিবেশন চলবে। দেশে ফেরার আগে নাইজেরিয়ার লাগোসে গ্রিনিচ মান সময় ১২টায় এক সাংবাদিক সম্মেলনে ক্যামেরন বক্তব্য রাখবেন । ব্রিটিশ প্রধানমন্ত্রী নিউজ অব দি ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক অ্যান্ডি কলসনকে তাঁর যোগাযোগবিষয়ক প্রধান নিয়োগ দিয়ে এখন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। গতকাল সোমবার ব্রিটিশ পুলিশের শীর্ষ আরেকজন কর্মকর্তা সন্ত্রাস দমনবিষয়ক শাখার প্রধান জন ইয়েটস পদত্যাগ করেন। লন্ডন পুলিশ কমিশনার পল স্টিফেনসন পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই ইয়েটস পদত্যাগ করেন। পত্রিকাটির সাবেক একজন উপসম্পাদকের সঙ্গে ইয়েটসের সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে।