মারধর, হামলা ভাঙচুরের পর ছাত্রলীগের আবদার!
সাভার বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রকে প্রথমে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। কলেজের অধ্যক্ষ ওই ছাত্র ও মারধরে অংশ নেওয়া ছাত্রলীগের এক নেতাকে আটকে রেখে ডাকেন তাঁদের অভিভাবকদের। বিষয়টি জানার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিনিয়ে নেন ওই নেতাকে। ভাঙচুর করেন অধ্যক্ষের কার্যালয়সহ বিভিন্ন কক্ষ।বুধবারের এই ঘটনার পর উল্টো অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজে ধর্মঘট ডাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ধর্মঘট অমান্য করে শিক্ষকেরা পরদিন বৃহস্পতিবার ক্লাস নেওয়া শুরু করলে এবার সাভার ‘হকার্স লীগের’ নেতা-কর্মীদের নিয়ে কলেজে হামলা চালায় ছাত্রলীগ। বাধা দিলে লাঞ্ছিত করে শিক্ষকদের। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষকেরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।সাভার থানার পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে জনি নামের কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করতে থাকেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় কলেজের অধ্যক্ষ ইলিয়াস খান ঘটনাস্থলে গিয়ে জনিসহ মারধরে অংশ নেওয়া সাখাওয়াত হোসেন নামের এক শিক্ষার্থীকে উপাধ্যক্ষের কক্ষে নিয়ে যান এবং বিষয়টি মীমাংসার জন্য উভয়ের অভিভাবকদের কলেজে ডেকে পাঠান। সাখাওয়াত হোসেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং এ বছর ওই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি জানার পর কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজে গিয়ে সাখাওয়াতকে ছিনিয়ে নেন। ভাঙচুর করেন অধ্যক্ষের কার্যালয়সহ বিভিন্ন কক্ষ। এ সময় শিক্ষার্থী ফয়সালের হাত কেটে যায়। উদ্ভূত পরিস্থিতির কারণে ওই দিন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।ভাঙচুরের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশ থেকে অধ্যক্ষের অপসারণ না করা পর্যন্ত ক্যাম্পাসে ধর্মঘটের ঘোষণা দেন নেতা-কর্মীরা। পরে তাঁরা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।এদিকে বুধবারের ঘটনাটি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদকে জানায় কলেজ কর্তৃপক্ষ। সাংসদ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বৃহস্পতিবার সকাল থেকে কলেজের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।কলেজ কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাভার উপজেলা ‘হকার্স লীগের’ নেতা-কর্মীসহ বেশ কয়েকজন বহিরাগত লোকজন নিয়ে শ্রেণীকক্ষে গিয়ে হামলা চালান। তাঁরা শিক্ষক ও শিক্ষার্থীদের গালিগালাজ করে গলা ধাক্কা দিয়ে বের করে দেন এবং বিভিন্ন শ্রেণীকক্ষে ব্যাপক ভাঙচুর চালান।এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে তাৎক্ষণিক মৌন মিছিল করেন শিক্ষকেরা। বেলা ১১টার দিকে জরুরি বৈঠকে বসে কলেজ শিক্ষক সমিতি। অধ্যাপক মনোরঞ্জন রাজবংশীর সভাপতিত্বে ওই বৈঠকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত ক্লাস বর্জন এবং কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। হামলা ও ভাঙচুরের ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আহম্মেদ রুবেল বলেন, বুধবার দুপুরে সাধারণ ছাত্রদের দুই পক্ষের মধ্যে মারামারি বাধে। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেনসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা তাতে বাধা দেন। এ সময় অধ্যক্ষ ইলিয়াস খান সাখাওয়াতকে ধরে নিয়ে উপাধ্যক্ষের কক্ষে তালাবদ্ধ করে রাখেন। এর প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে কলেজে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়।ছাত্রলীগের নেতা আহম্মেদ রুবেল দাবি করেন, ‘ধর্মঘট আহ্বান করার পরও বৃহস্পতিবার সকালে শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন শিক্ষকেরা। এর প্রতিবাদে আমরা কলেজে গিয়ে শান্তিপূর্ণভাবে শ্রেণীকক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বের করে দিয়েছি। কোনো ভাঙচুর বা কাউকে লাঞ্ছিত করিনি।’কলেজের উপাধ্যক্ষ মো. ছমির আলী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে এসে কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছে। এর প্রতিবাদে কালো ব্যাজ ধারণসহ ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যক্ষ মো. ইলিয়াস খান দাবি করেন, তিনি কোনো দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত নন। ছাত্রলীগ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবি করছে। জানতে চাইলে সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার জের ধরে গত বুধ ও বৃহস্পতিবার কলেজে ভাঙচুর হয়েছে।