মারধরের ঘটনায় সেনাবাহিনীর তিন কর্মকর্তা আটক
রাজধানীর মোহাম্মদপুরে তিন ব্যক্তিকে মারধরের অভিযোগে তিন সেনা কর্মকর্তাকে আটক করে মিলিটারি পুলিশের হাতে তুলে দিয়েছে মোহাম্মদপুর থানার পুলিশ। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাজমহল রোডের সি ব্লকে একটি দোতলা (ভোলা ভিলা) বাড়ির ভাড়াটের সঙ্গে মালিকপক্ষের বিরোধ থেকে এ ঘটনার সূত্রপাত। বাড়িটির মালিক প্রকৌশলী এ বি মকবুল মোর্শেদ। বাড়িটির নিচতলায় ইনায়া বুটিক হাউস নামের একটি দোকান দিয়েছিলেন দুই তরুণ তালহা বিন শামস ও ফয়সাল আহমেদ। গত আগস্টে দোকানটি চালু হয়। এর মধ্যে বাড়ির ভাড়া বৃদ্ধি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে।গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির মালিকের স্ত্রী, মেয়ে ও মেয়ের বান্ধবী বাড়িটিতে গিয়ে ভাড়াটে তালহাকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে বাগিবতণ্ডা হয়। রাত পৌনে ১১টার দিকে বাড়িওয়ালার পক্ষ নিয়ে পাঁচ-ছয়জন তরুণ বাসায় ঢুকে তালহা, ফয়সাল ও ফয়সালের বোনকে মারধর করেন। এর মধ্যে বাড়ির মালিকের জামাতা ক্যাপ্টেন বদরুলকে ফোন করে ওই বাসায় আসতে বলা হয়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন তাহসিন ও মেজর মোস্তাফিজকে নিয়ে ঘটনাস্থলে আসেন ক্যাপ্টেন বদরুল। তাঁরা ভাড়াটে দুই তরুণ ও তাঁদের একজনের বোনকে বেধড়ক মারধর করেন। এ সময় চিৎকার-চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে এসে বাড়ি ঘিরে ফেলেন। তাঁরা পুলিশকে খবর দেন এবং তিন সেনা কর্মকর্তাকে আটকে রাখেন। পরে পুলিশ এসে ওই তিন সেনা কর্মকর্তাকে মিলিটারি পুলিশের হাতে তুলে দেয়।ঘটনার শিকার ফয়সাল আহমেদ জানান, তাঁদের দুই দফায় মারধর করেছেন বাড়িওয়ালার লোকজন।তালহা বলেন, ‘তিন সেনা কর্মকর্তা র্যাব পরিচয় দিয়ে দোকানে ঢুকে দরজা আটকে আমাদের দুজনকে গরুর মতো পিটিয়েছেন। তাঁরা ফয়সালের বোনকেও চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারধর করেন।’বাড়ির মালিক মকবুল মোর্শেদ জানান, চলতি ডিসেম্বরে তাদের বাসা ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা বাসা ছাড়ছিল না। এ বিষয়ে কথা বলার জন্য তাঁর স্ত্রী ও মেয়ে ওই বাসায় গেলে ভাড়াটেরা তাঁদের মারধর ও লাঞ্ছিত করে। এ সময় তাঁর মেয়ে তার স্বামীকে ফোন করে আসতে বলে।এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, তাঁদের কেউ র্যাবে কর্মরত নন। তাঁরা মিরপুর সেনানিবাস থেকে এসেছেন। সেনা কর্মকর্তারা ভাড়াটেদের মারধর করার পর স্থানীয় লোকজন মারমুখী হয়ে উঠেছিল। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।মোহাম্মদপুর থানার অপারেশন্স কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, এ বিষয়ে দুই পক্ষই জিডি করতে থানায় এসেছিল।এ ব্যাপারে যোগাযোগ করা হলেও সেনা সদরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।