মারধরের পর কৃষকের দাঁত উপড়ে ফেলা হলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারের একটি দোকান থেকে দুই কৃষককে আটকের পর শুরু হয় মারধর। একপর্যায়ে তাঁদের উলঙ্গ করে প্রায় আধ-কিলোমিটার দূরে একটি বাড়িতে আনা হয়। সেখানে ফের চলে নির্যাতন। একপর্যায়ে তাঁদের বেঁধে একজনের চারটি দাঁত সাঁড়াশি দিয়ে তুলে ফেলা হয় এবং বাঁ পায়ের দুটি নখ উপড়ে ফেলার চেষ্টা চলে। নওগাঁর পোরশা উপজেলায় গত মঙ্গলবার বিকেল থেকে রাত ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার ওই দুই কৃষক হলেন সাইফুল ইসলাম (৪৩) ও মোকাররম হোসেন (৪৫)। তাঁরা বিএনপির সমর্থক। অভিযোগ উঠেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের বাড়িতে সাইফুলের দাঁত তোলা হয় ও নখ উপড়ে ফেলার চেষ্টা চলে। এতে নেতৃত্ব দেন তাঁর ভাই। তবে তাইজুল ইসলাম ওই ঘটনা অস্বীকার করে বলেন, তাঁরা গণপিটুনিতে নির্যাতনের শিকার হন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির নেতার জমির বেড়া ভাঙা নিয়ে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে বিতণ্ডার জের ধরে ওই নির্যাতনের ঘটনা ঘটে বলে জানা গেছে।এ ব্যাপারে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী প্রথম আলোকে জানান, থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হকসহ পুলিশের কয়েকজন সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কিন্তু নির্যাতনকারীরা ওই দুই কৃষককে পুলিশের কাছে হস্তান্তর না করে নিজেরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে থানায় সোপর্দ করে তাঁদের বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগে আ. মান্নান নামের এক ব্যক্তি মামলা করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।ওসি জাহিদুর রহমান বলেন, ওই দুই কৃষককে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে নওগাঁর বিচারিক হাকিম শরিফুল ইসলামের আদালতে পাঠানো হয়। ওই দিন শুনানি না হওয়ায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী আনিছুর রহমান জানান, গত বৃহস্পতিবার শুনানি শেষে আদালত ওই দুই আসামিকে জামিনে মুক্তি দেন। গতকাল শুক্রবার সকালে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন জানান, ডেন্টাল টেকনিশিয়ান আসমাউল হককে সঙ্গে নিয়ে ওই দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শক্তি প্রয়োগে চারটি দাঁত উপড়ে ফেলায় প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। দুটি নখ পুরোপুরি না উঠলেও সেখানে প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে।গতকাল সকালে পোরশা বাজারে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তৌফিক শাহের জমির বেড়া ভাঙার ঘটনায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির অধীনে একটি প্রকল্পের শ্রমিক স্থানীয় আওয়ামী লীগের কর্মী আ. মান্নান ও মজিবর রহমানের সঙ্গে চেয়ারম্যানের বাড়ির দুই কিষান সাইফুল ইসলাম ও মোকাররম হোসেনের বাগিবতণ্ডা হয়। উপজেলার ধুলাডাঙ্গা গ্রামে কর্মসংস্থান কর্মসূচির একটি প্রকল্পের অধীনে একটি সড়ক সংস্কারকাজের সময় এ ঘটনা ঘটে। এর জের ধরে সাইফুল ও মোকাররম নির্যাতনের শিকার হন। পোরশা বাজারের ব্যবসায়ী ফজল হক ও তেতুলিয়া ইউপি সদস্য ফয়সল আলম জানান, ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে বাজারের একটি দোকান থেকে সাইফুল ও মোকাররমকে আটকের সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের বেশ কিছু নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ওই দুজনকে মারধরে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের ভাই ইব্রাহীম, শফিকুল ইসলাম ও শ্রমিক নেতা আবদুল মান্নান। ইউপি সদস্য ফয়সল আলম আরও জানান, মারধরের একপর্যায়ে সাইফুল ও মোকাররমকে উলঙ্গ করা হয়। ওই অবস্থায় তাঁদের ঘটনাস্থল থেকে প্রায় আধ-কিলোমিটার দূরে তাইজুলের বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়।জামিনে মুক্তি পাওয়ার পর মোকাররম জানান, নির্যাতনের একপর্যায়ে ইব্রাহীম সাঁড়াশি (প্লাস) দিয়ে সাইফুলের মুখের ওপরের পাটির সামনের চারটি দাঁত তুলে ফেলেন। বাঁ পায়ের দুটি নখও তুলে ফেলার চেষ্টা করা হয়। সাইফুল ইসলাম জানান, মাটিতে শুইয়ে একটি দাঁত তোলার পরপরই তিনি জ্ঞান হারান।এ বিষয়ে তাইজুল ইসলাম জানান, ঘটনার দিন তিনি নওগাঁ শহরে অবস্থান করছিলেন। পরে তিনি পোরশায় আসেন এবং নেতা-কর্মীদের শান্ত থাকার পরামর্শ দেন।তাইজুলের দাবি, ইউপি চেয়ারম্যানের ক্যাডার সাইফুল ও মোকাররমের কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওই দিন বিকেলে তাঁদের মারধর করে। গণপিটুনিতে তাঁদের দাঁত ভেঙে যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বলেন, পূর্ব বিরোধের জের ধরেই ওই ঘটনা ঘটেছে।