মারধরের পর ছাত্রকে বিবস্ত্র ভিডিও করলেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে প্রথমে বেধড়ক মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে বিবস্ত্র করে ধারণ করা হয় ভিডিও। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দাবি করা হয় এক লাখ টাকা। নয়তো ওই ছাত্রকে একটি কিডনি বা মাসে মাসে ১০ হাজার টাকা করে দিতে বলেন কলেজের ছাত্রলীগ সমর্থিত ছাত্রকল্যাণ পরিষদের তিন নেতা-কর্মী।এই অভিযোগে গত বুধবার রাতে ছাত্রকল্যাণ পরিষদের সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক ও পঞ্চম বর্ষের ছাত্র খন্দকার আবদুল কাইয়ুমকে পরিষদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে বহাল তবিয়তে আছেন অপর অভিযুক্ত ছাত্রকল্যাণ পরিষদের সাহিত্য সম্পাদক জিয়াউল হক ও আনোয়ার সাদত। প্রথম বর্ষের ওই ছাত্রের ঘটনা ছাড়াও ছাত্রকল্যাণ পরিষদের নেতা কাইয়ুম, জিয়াউল হক ও আনোয়ারের বিরুদ্ধে রয়েছে সাধারণ শিক্ষার্থীদের অজস্র অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, কাইয়ুম ও তাঁর সহযোগীরা শিক্ষার্থীদের মারধর ও জিম্মি করে, ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। তাঁদের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে ঘটছে মাদকের বিস্তার। কিন্তু ক্ষমতাসীন দল ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় কেউ অভিযোগ করতেও সাহস দেখায় না।নির্যাতনের শিকার মেডিকেল কলেজের প্রথম বর্ষের ওই ছাত্র প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কাইয়ুম, জিয়াউল ও আনোয়ার গত মঙ্গলবার তাঁকে জামিলুর রহমান ছাত্রাবাসের ১০৩ নম্বর কক্ষে ডেকে নেন। তাঁরা তাঁকে আটকে রেখে মারধর করে মুঠোফোন ছিনিয়ে নেন। পরে তাঁকে বিবস্ত্র করে মঠাফোনে ভিডিও করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরদিন বুধবার তিনি কাইয়ুমের হাতে সাড়ে ১০ হাজার টাকা তুলে দেন। কিন্তু কাইয়ুম আরও এক লাখ টাকা চাঁদা দাবি করেন। নয়তো তাঁর বিবস্ত্র ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় তিনি কাইয়ুমকে বলেন, তাঁর বাবা দরিদ্র স্কুলশিক্ষক। তাঁদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। কাইয়ুম তখন তাঁকে একটি কিডনি দিতে বলেন। নয়তো মাসে মাসে ১০ হাজার টাকা চাঁদা দিতে বলেন। বাধ্য হয়ে নির্যাতিত ওই ছাত্র ওই দিনই তাঁর বাবাকে নিয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণের কাছে যান এবং লিখিত অভিযোগ দেন। মেয়র তাঁকে ওই লিখিত অভিযোগ কলেজ কর্তৃপক্ষকেও দিতে বলেন। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রকল্যাণ পরিষদকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। ওই ছাত্র বুধবারই কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করে মেয়র শওকত হোসেন বলেন, ‘এক ছাত্রকে মারধর, ছিনতাই ও বিবস্ত্র করে চাঁদাবাজির ঘটনায় কাইয়ুম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে বলেছি। একই সঙ্গে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’এ ব্যাপারে ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি আবু তালেব মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, এক শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাতে জরুরি সভা করে ছাত্রকল্যাণ পরিষদের সমাজসেবাবিষয়ক সম্পাদক খন্দকার আবদুল কাইয়ুমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ঐতিহ্যবাহী মেডিকেল কলেজে এ ধরনের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত।আরও অভিযোগ: বরিশাল ব্রজমোহন কলেজ এলাকার নাদিম মল্লিক বলেন, ‘আমার ভাগ্নে অসুস্থ হওয়ায় কিছুদিন আগে তাঁর জন্য একটি চিকিৎসা সনদের প্রয়োজন ছিল। ওই সময় ছাত্রকল্যাণ পরিষদের নেতা কাইয়ুম আমার কাছ থেকে সাড়ে আট হাজার টাকা নিয়ে একটি ভুয়া সনদ ধরিয়ে দেন।’এস এম ইমামুজ্জামান নামের আরেক ব্যক্তি অভিযোগ করেন, কলেজের প্রথম বর্ষে পড়ুয়া তাঁর এক আত্মীয় অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ছাত্রদের জন্য বরাদ্দ করা কেবিনে ভর্তি করা হয়। কিন্তু ওই কেবিন আগেই বাইরের রোগীদের কাছে ভাড়া দিয়ে দেয় কাইয়ুম। এ বিষয়ে কথা বললে কাইউম অসুস্থ ওই ছাত্র ও তাঁকে মারধর করে।এত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কাইয়ুমসহ কয়েকজন ছাত্রলীগ কর্মীর কারণে ছাত্রলীগের মাথায় দোষ পড়ছে। বিভিন্ন সময় এরা কলেজ ক্যাম্পাসে মাদক, ছিনতাইসহ নানা ধরনের অপকর্ম চালাচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ক্যাম্পাসের অবস্থা আরও ভয়াবহ হবে।এ ব্যাপারে ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, গত ১১ জুন ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদিত হয়। এর আগে কাইয়ুম কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিল কি না, তা আমাদের জানা নেই। তবে কয়েক দিন আগে একজন শিক্ষার্থীর কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তাঁকে জিম্মি করেছে। বিষয়টি সত্যি দুঃখজনক।বরিশাল মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ‘এক ছাত্রের মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং মারধর ও অর্থ নেওয়ার বিষয়টি মৌখিকভাবে শুনেছি। এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’অভিযুক্তদের বক্তব্য: এ ব্যাপারে বক্তব্যের জন্য খন্দকার আবদুল কাইয়ুমের দুটি মুঠোফোন ও তাঁর সহযোগী আনোয়ার সাদতের একটি মুঠোফোনে একাধিকবার কল করলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তাঁদের অপর সহযোগী ছাত্রকল্যাণ পরিষদের সাহিত্য সম্পাদক জিয়াউল হক দাবি করেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ অনেকাংশে বানানো ও মিথ্যা। ওই সব ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।