বগুড়া সরকারি আযিযুল হক কলেজের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে কর্মচারীরা আজ রোববার প্রধান ফটকে তালা মেরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন। কলেজ কর্তৃপক্ষ এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি, গতকাল শনিবার বেলা একটার দিকে কলেজের তৃতীয় তলার বারান্দায় দুজন ছাত্রছাত্রী গল্প করছিলেন। কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী শফিকুল ইসলাম ২৬ মার্চ উপলক্ষে কলেজ বন্ধের কথা জানিয়ে সেখান থেকে তাঁদের চলে যেতে বলেন। এ সময় অর্থনীতি বিভাগের ওই ছাত্র তাঁকে মারধর করার চেষ্টা করেন। একপর্যায়ে ওই ছাত্রের আরও পাঁচ-ছয়জন বন্ধু সেখানে গিয়ে ক্রিকেটের ব্যাট ও স্টাম্প দিয়ে শফিকুলকে পিটিয়ে আহত করে পালিয়ে যান। পরে শফিকুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শফিকুল কলেজের অধ্যক্ষের কাছে হামলাকারী শিক্ষার্থীদের বিচারের দাবি জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, হামলার প্রতিবাদে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কলেজের প্রধান ফটকে তালা মেরে সেখানে অবস্থান ধর্মঘট পালন করেন। তাঁরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা শফিকুলের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন। কলেজে আজ কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ জানান, ঘটনাটি তদন্তে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নূর উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসেন এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাজাহান আলীকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।